“ওকে ডাকা হয়েছিল, ও আসেনি!” প্রতীক উর বিতর্কে রাজ্য নেতৃত্বের পাশেই দাঁড়িয়ে পালটা চাল সিপিএমের

বঙ্গ রাজনীতিতে বাম শিবিরের রক্তক্ষরণ থামছেই না। যুব নেতা প্রতীক উর রহমানের হঠাৎ দলত্যাগ এবং ঘাসফুল শিবিরে যোগদান নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই আলিমুদ্দিন স্ট্রিটের পাশেই দাঁড়ালেন সিপিএমের কেন্দ্রীয় নেতা এম এ বেবি। প্রতীক উর দল ছাড়ার সময় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে স্বজনপোষণ এবং অবহেলার যে গুরুতর অভিযোগ এনেছিলেন, তা কার্যত উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় কমিটির এই বর্ষীয়ান নেতা।

শুক্রবার এম এ বেবি স্পষ্ট জানান, প্রতীক উরের অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, আলোচনার জন্য প্রতীককে একাধিকবার বৈঠকে ডাকা হলেও তিনি এড়িয়ে গিয়েছেন। সংবাদমাধ্যম বিষয়টিকে অতিরঞ্জিত করছে বলেও মনে করেন তিনি। পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘সিপিএম-বিজেপি আঁতাঁত’ তত্ত্বের কড়া জবাব দিয়ে বেবি মনে করিয়ে দেন, তৃণমূল নেত্রী নিজেই এককালে বিজেপির সমর্থনে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। তিনি বলেন, “কেরলে আরএসএসের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম চালাচ্ছে বামেরা, সেখানে আমাদের বিরুদ্ধে সেটিংয়ের অভিযোগ হাস্যকর।” প্রতীক উরকে দলবিরোধী কাজের অভিযোগে ইতিমধ্যেই বহিষ্কার করেছে সিপিএম, তবে তাঁর তোলা অভিযোগগুলো যে দলের অন্দরে কিছুটা হলেও অস্বস্তি বাড়িয়েছে, তা কেন্দ্রীয় নেতার সাফাই থেকেই স্পষ্ট।