সাবধান! এবার আপনার গ্লাসের জলও কি ‘চুরি’ করছে AI? চমকে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তার মারাত্মক তৃষ্ণা!

এতদিন আতঙ্ক ছিল যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কেড়ে নেবে সাধারণ মানুষের চাকরি। অটোমেশনের দাপটে বহু মানুষ কর্মহীন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। কিন্তু এবার এক নতুন এবং আরও ভয়াবহ সংকটের কথা তুলে ধরলেন বিজ্ঞানীরা। দেখা যাচ্ছে, শুধু কর্মসংস্থান নয়, আমাদের প্রাণধারণের প্রধান রসদ ‘জল’-এর দিকেও থাবা বসিয়েছে এই প্রযুক্তি। আমেরিকার ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড এনার্জি স্টাডি ইনস্টিটিউট’-এর সাম্প্রতিক গবেষণা বলছে, এআই-এর ডেটা সেন্টারগুলো প্রতিদিন যে পরিমাণ স্বাদু জল ব্যবহার করে, তা রীতিমতো পিলে চমকানোর মতো।
গবেষণায় দেখা গিয়েছে, একটি বড় ডেটা সেন্টার প্রতিদিন প্রায় ১ কোটি ৯০ লক্ষ লিটার জল খরচ করে। অর্থাৎ ১ লক্ষ ২০ হাজার মানুষের একটি শহরের দৈনিক জলের প্রয়োজন মেটাতে পারে একটিমাত্র ডেটা সেন্টার! আরও অবাক করার মতো তথ্য হলো, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষকদের মতে, আপনি যখন এআই-কে মাত্র ১০০ শব্দের একটি প্রম্পট বা নির্দেশ দেন, সেটি প্রসেস করতে খরচ হয় প্রায় ৫০০ মিলিলিটার বা আধ লিটার পরিশুদ্ধ জল। ২০২৬ সালের মধ্যে এই ডেটা সেন্টারগুলোর বার্ষিক জল ব্যবহারের পরিমাণ ১ লক্ষ ২০ হাজার কোটি লিটারে পৌঁছাতে পারে। যান্ত্রিক বিকলতা এড়াতে এই সংস্থাগুলো শুধুমাত্র বিশুদ্ধ জল ব্যবহার করে, যার ফলে বিশ্বের সীমিত পানীয় জলের ভাণ্ডারে টান পড়ছে। চাকরির পর এবার মানুষের অমূল্য প্রাকৃতিক সম্পদও কি তবে কৃত্রিম বুদ্ধিমত্তার পেটে যাবে? এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে।