কলকাতায় শক্তিশালী ভূমিকম্প! মাঝ-আকাশে বিপাকে সূর্যকুমাররা, বড়সড় সিদ্ধান্তের পথে বিমানবন্দর

শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিটে এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রিখটার স্কেলে ৫.৫ তীব্রতার এই কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশের খুলনা (টাকি থেকে ২৬ কিমি দক্ষিণ-পূর্ব)। প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী এই কম্পনের প্রভাবে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের সরাসরি প্রভাব পড়ল ভারতীয় ক্রিকেট দলের ওপর। টি-টোয়েন্টি সিরিজের জন্য চেন্নাই থেকে এদিনই কলকাতায় আসার কথা ছিল সূর্যকুমার যাদবদের।
ভূমিকম্পের পরেই নিরাপত্তার খাতিরে কলকাতা বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। যার ফলে টিম ইন্ডিয়ার বিমান চেন্নাই থেকে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিকেল ৪টে ২০ মিনিটে কলকাতায় নামার কথা থাকলেও, রানওয়ে পরীক্ষা ও ছাড়পত্র পেতে দেরি হওয়ায় প্রায় এক ঘণ্টা বিলম্বে শহরে পৌঁছন ক্রিকেটাররা। আবহাওয়া দফতর সূত্রে খবর, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিমি গভীরে ছিল এই কম্পনের কেন্দ্র। বৃহস্পতিবার উত্তরবঙ্গে কম্পনের পর শুক্রবারে দক্ষিণবঙ্গের এই তীব্র ঝটকায় বড়সড় বিপত্তি এড়ানো গেলেও, ভারতীয় দলের সফরসূচিতে বড় ওলটপালট ঘটে গেল। আপাতত ক্রিকেটাররা নিরাপদে হোটেলে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।