যুবভারতীতে অঘটন! মগডালে ওঠার সুযোগ হাতছাড়া, জামশেদপুরের ঝড়ে তছনছ ইস্টবেঙ্গল

জয়রথ থামল ইস্টবেঙ্গলের। চলতি আইএসএলে টানা দুই জয়ের পর ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেল অস্কার ব্রুজোর দল। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১-০ গোলে এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। জামশেদপুর এফসির কাছে ১-২ গোলে হেরে লিগ টেবিলের শীর্ষস্থানে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া করল লাল-হলুদ ব্রিগেড। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেল ইস্টবেঙ্গল, অন্যদিকে ৯ পয়েন্ট নিয়ে মগডালে বসল ওয়েন কোয়েলের দল।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল জামশেদপুরের। প্রাক্তনী মাদি তালাল এবং মেসি বাউলির যুগলবন্দি বারবার কাঁপিয়ে দিচ্ছিল ইস্টবেঙ্গল রক্ষণকে। তবে গতির বিরুদ্ধে গিয়ে ৪১ মিনিটে এডমুন্ড লালরিনডিকার দর্শনীয় গোলে লিড নেয় হোম টিম। কিন্তু দ্বিতীয়ার্ধে একের পর এক সহজ সুযোগ নষ্টের খেসারত দিতে হল তাদের। ৬১ মিনিটে কর্নার থেকে হেডে সমতা ফেরান স্টিফেন এজে। এরপর ইজ্জেজারি ও পিভি বিষ্ণু গোল করার সহজ সুযোগ হারান। ম্যাচের ৮৭ মিনিটে জাপানি তারকা রেই তাচিকাওয়ার বিশ্বমানের লং রেঞ্জারে জয় নিশ্চিত করে জামশেদপুর। অস্কারের দলের পুরোনো রোগ ‘ফিনিশিং’-ই আজ ডোবাল লাল-হলুদকে।