হোলির দিন চলবে না একগুচ্ছ ট্রেন, শিয়ালদহ ও হাওড়া শাখায় বাতিল কয়েকশো লোকাল; কেন এই সিদ্ধান্ত?

দোল পূর্ণিমার দিনে রংয়ের উৎসবে মেতে উঠবে তিলোত্তমা। আর এই উৎসবের আমেজেই ধাক্কা খেতে পারে আপনার যাতায়াত। হাওড়া ডিভিশনের পর এবার পূর্ব রেলের শিয়ালদহ শাখায় একগুচ্ছ ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ মার্চ, মঙ্গলবার দোলযাত্রার দিন শিয়ালদহ ও হাওড়া দুই শাখাতেই কয়েকশো লোকাল ট্রেন বাতিল থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
মূলত দোলযাত্রার দিন সকালের দিকে সাধারণ মানুষের যাতায়াত কম থাকে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং যাত্রী সংখ্যা কম হওয়ার যুক্তিতেই এই কাটছাঁট। হাওড়া শাখায় প্রায় ৬৫টি ট্রেন বাতিলের পাশাপাশি শিয়ালদহ মেইন, বনগাঁ এবং দক্ষিণ শাখাতেও অসংখ্য ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট এবং শান্তিপুর লাইনে সবথেকে বেশি প্রভাব পড়বে। বাতিল ট্রেনের দীর্ঘ তালিকায় রয়েছে শিয়ালদহ-বনগাঁ (৩৩৮০১, ৩৩৮১১), শিয়ালদহ-হাসনাবাদ (৩৩৩১৩), এবং শিয়ালদহ-বজবজ ও ক্যানিং লাইনের একাধিক লোকাল। এমনকি বেশ কিছু এসি লোকালও ওইদিন ট্র্যাক নামবে না। ৪ মার্চ অর্থাৎ দোল পূর্ণিমার পরের দিন পরিষেবা কিছুটা স্বাভাবিক হলেও ট্রেন চলবে রবিবারের সূচি মেনে। তাই ওইদিন বাইরে বেরোনোর আগে রেলের সময়সূচি একবার দেখে নেওয়া একান্ত জরুরি।