IPL 2026 শুরু হচ্ছে ২৮ মার্চ, জেনেনিন ফাইনাল ম্যাচ কবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই ক্রিকেট জ্বরে কাঁপতে চলেছে দেশ। আগামী ২৮ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল ২০২৬। কিন্তু টুর্নামেন্ট শুরুর মাত্র এক মাস বাকি থাকলেও এখনও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি বিসিসিআই। আর এর নেপথ্যে রয়েছে পশ্চিমবঙ্গ-সহ তিন রাজ্যের বিধানসভা নির্বাচন।
কেন এই বিলম্ব? বিসিসিআই সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং অসম—এই তিন রাজ্যে একই সময়ে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের সময় রাজ্য পুলিশ এবং প্রশাসন ভোট সামলাতে ব্যস্ত থাকবে। এই অবস্থায় কলকাতা (ইডেন গার্ডেন্স), চেন্নাই (চিপক) এবং গুয়াহাটিতে বড় ম্যাচ আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া নিয়ে দেখা দিয়েছে ঘোর সংশয়। বোর্ড সহ-সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন, “আমরা রাজ্য সরকারগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি। ভোটের দিনক্ষণ চূড়ান্ত হলেই আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।”
প্রস্তুতিতে খামতি নেই ফ্র্যাঞ্চাইজিদের সূচি যাই হোক, মাঠের লড়াইয়ের জন্য কোমর বাঁধছে দলগুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে গুজরাত টাইটান্স। শুভমন গিল এবং সাই সুদর্শনরা আহমেদাবাদের মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঘাম ঝরানো শুরু করেছেন। দলের সিইও জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর ১৫ দিন আগে ফের পুরোদমে শিবির বসবে। শুধু গুজরাত নয়, পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসও ইতিমধ্যেই তাদের প্রাক-মরসুম মহড়া শুরু করে দিয়েছে।
৩১ মে মেগা ফাইনাল সব ঠিক থাকলে আগামী ৩১ মে হবে আইপিএলের মেগা ফাইনাল। তবে ভোট প্রক্রিয়ার সঙ্গে ভারসাম্য বজায় রাখতে আইপিএল কয়েকটি দফায় (Phased approach) আয়োজন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের সময় ওই তিন রাজ্যের ম্যাচগুলো অন্য শহরে সরিয়ে নেওয়া হবে, না কি নির্ঘণ্টে রদবদল হবে—সেটাই এখন দেখার।