জয়ললিতার বিশ্বস্ত সেনাপতি এবার বিপক্ষ শিবিরে! বিধানসভা ভোটের আগে এআইএডিএমকে-তে ধস নামালেন ওপিএস

২০২৬-এর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে দাক্ষিণাত্যের রাজনীতিতে বড়সড় বিস্ফোরণ ঘটালেন ও পন্নিরসেলভম (OPS)। একদা জয়ললিতার ছায়াসঙ্গী এবং এআইএডিএমকে-র (AIADMK) কট্টরপন্থী নেতা হিসেবে পরিচিত পন্নিরসেলভম শুক্রবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে (DMK) শিবিরে। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের হাত থেকে ডিএমকে-র পতাকা তুলে নিয়ে এক নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন তামিলনাড়ুর এই তিনবারের মুখ্যমন্ত্রী।
জয়ললিতার মৃত্যুর পর থেকেই এআইএডিএমকে-র অন্দরে ডামাডোল তুঙ্গে ছিল। দলের দখল নিয়ে এডাপ্পাদি পালানিস্বামীর (EPS) সঙ্গে পন্নিরসেলভমের দীর্ঘ লড়াই শেষ পর্যন্ত আদালত ও নির্বাচন কমিশন পর্যন্ত গড়ায়। পালানিস্বামী সাফ জানিয়ে দিয়েছিলেন, পন্নিরসেলভমকে আর কোনওভাবেই দলে ফেরানো হবে না। অন্যদিকে শশিকলা ও টিটিভি দিনাকরণ আলাদা গোষ্ঠী তৈরি করায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছিলেন ওপিএস। রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তাই শেষ পর্যন্ত স্ট্যালিনের শরণাপন্ন হলেন তিনি।
এদিন চেন্নাইয়ের ডিএমকে সদর দফতর ‘আন্না আরিভালায়মে’ যখন পন্নিরসেলভম পৌঁছান, তখন তাঁর সঙ্গে ছিলেন ডিএমকে-র প্রভাবশালী মন্ত্রী শেখরবাবু। স্ট্যালিনের সঙ্গে একান্ত বৈঠকের পর পন্নিরসেলভম জানান, স্ট্যালিন সরকারের জনমুখী কাজেই তিনি অনুপ্রাণিত। তাঁর দাবি, আগামী নির্বাচনেও ডিএমকে-ই ক্ষমতায় ফিরবে। বিশ্লেষকদের মতে, পন্নিরসেলভমের এই দলবদল এআইএডিএমকে-র ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল ধরাতে পারে, যা স্ট্যালিনের হাতকে আরও শক্তিশালী করবে।