মোদির দরবারে ‘বিরোশ’! রিসেপশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ রশ্মিকা-বিজয়ের, ভাইরাল একান্ত সাক্ষাতের ছবি!

জল্পনার অবসান ঘটিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে রূপকথার বিয়ে সেরেছেন বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার রিসেপশনের প্রস্তুতিতে ব্যস্ত দক্ষিণী এই মেগাস্টার জুটি। ৪ মার্চ হায়দরাবাদে আয়োজিত হতে চলেছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানালেন নবদম্পতি।

শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন বিজয় ও রশ্মিকা। বিয়ের আগে প্রধানমন্ত্রী চিঠি লিখে দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন, আর এবার সশরীরে উপস্থিত হয়ে তাঁকে রিসেপশনের কার্ড ও একটি উত্তরীয় উপহার দেন তাঁরা। মোদির সঙ্গে তাঁদের হাসিমুখের ছবি এখন নেটপাড়ায় ট্রেন্ডিং। শুধু প্রধানমন্ত্রী নন, ‘হেভিওয়েট’ অতিথির তালিকা দীর্ঘ। এদিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁকে একটি রুপোর গণেশ মূর্তি ও আমন্ত্রণপত্র দেন তাঁরা। এছাড়া তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির কাছেও পৌঁছে গিয়েছে তাঁদের রিসেপশনের নিমন্ত্রণ।

অন্যদিকে, বিয়ের পর এদিনই প্রথমবার জনসমক্ষে একসঙ্গে ধরা দিলেন ‘বিরোশ’। উদয়পুর বিমানবন্দরে হাতে হাত রেখে দেখা গেল নবদম্পতিকে। লাল রঙের আনারকলি স্যুটে রশ্মিকার রূপ ছিল দেখার মতো, পাশে সাদা কুর্তা-পায়জামায় বিজয়ও ছিলেন অত্যন্ত সাবলীল। পাপারাৎজিদের দেখে একগাল হাসি দিয়ে অভিনন্দন গ্রহণ করেন তাঁরা। উদয়পুরের রাজকীয় বিয়ের পর এবার হায়দরাবাদের রিসেপশন পার্টিতে রাজনৈতিক ও চলচ্চিত্র দুনিয়ার আর কোন কোন নক্ষত্র উপস্থিত থাকেন, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।