ওপাড়ে যুদ্ধের আবহ? বাংলাদেশে নতুন সরকার গড়তেই সেনায় বিশাল রদবদল, বদলানো হলো DGFI প্রধানকেও!

বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক সংস্কারের ঢেউ আছড়ে পড়েছে প্রতিরক্ষা বিভাগেও। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের রদবদল করা হলো। চিফ অফ জেনারেল স্টাফ (CGS) থেকে শুরু করে গোয়েন্দা বিভাগ (DGFI)— সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন মুখ নিয়ে আসা হয়েছে, যা নিয়ে প্রতিবেশী দেশে তীব্র জল্পনা শুরু হয়েছে।
দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (NDC) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টারমাস্টার জেনারেল (QMG) পদে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, আগে এই পদে থাকা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে পাঠানো হয়েছে এনডিসি-র কমান্ড্যান্ট হিসেবে। শুধু প্রশাসনিক পদ নয়, লড়াইয়ের ময়দানে গুরুত্বপূর্ণ পদাতিক ডিভিশনগুলোতেও পরিবর্তন আনা হয়েছে। মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনা সদরের অ্যাডজুট্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল মো. হাকিমুজ্জামানকে মিস্ট-এর (MIST) নতুন কমান্ড্যান্ট করা হয়েছে।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বদলটি হয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজেএফআই-তে (DGFI)। সেখানে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে। পাশাপাশি, গত ২২ ফেব্রুয়ারি লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছিল। রাজনৈতিক মহলের মতে, নতুন সরকার নিজেদের নিয়ন্ত্রণ পোক্ত করতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতেই এই দ্রুত রদবদল করছে। সীমান্ত পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যে সেনার এই ‘শুদ্ধিকরণ’ বিশেষ তাৎপর্য বহন করছে।