‘ইস্টবেঙ্গল ৭ গোল করেছে তো কী?’ সপাটে জবাব লোবেরার! শনিবার যুবভারতীতে কি ম্যাজিক দেখাবে ম্যাকলারেন-দিমিত্রি জুটি?

শনিবার যুবভারতীর সবুজ গালিচায় মরশুমের প্রথম ‘মিনি ডার্বি’। আইএসএলের আঙিনায় মুখোমুখি দুই প্রধান— মোহনবাগান সুপার জায়ান্ট ও মহামেডান স্পোর্টিং। একদিকে চনমনে ছন্দে থাকা সার্জিয়ো লোবেরার ব্রিগেড, অন্যদিকে পয়েন্টের খোঁজে মরিয়া মেহরাজউদ্দিন ওয়াডুর দল। কাগজে-কলমে সবুজ-মেরুন ফেভারিট হলেও, অতি-আত্মতুষ্টির ভাইরাস রুখতে সতর্ক বাগান শিবির।
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কোচ লোবেরা সাফ জানিয়ে দিলেন, গোলের সংখ্যার চেয়ে তাঁর কাছে তিন পয়েন্টই শেষ কথা। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল গত দুই ম্যাচে সাত গোল করে নজর কাড়লেও, লোবেরার লক্ষ্য শুধুই ধারাবাহিকতা। তাঁর কথায়, “কে কটা গোল করল সেটা বড় কথা নয়। আমরা সুযোগ তৈরি করছি, ফুটবলাররা ছন্দে আছে। জামশেদপুরের বিরুদ্ধে মহামেডান যে লড়াই করেছে, তা ভুলে গেলে চলবে না। আইএসএলে কোনও ম্যাচই সহজ নয়।”
জেমি ম্যাকলারেন গোল পেতে শুরু করেছেন, দিমিত্রি পেত্রাতোসও ফিরছেন পুরনো মেজাজে। সঙ্গে মাঝমাঠের ‘ইঞ্জিন’ আপুইয়া ও থাপাদের পারফরম্যান্সে মুগ্ধ কোচ। তবে বড় চমক হল, লোবেরা এই ছোট লিগে ‘রোটেশন’ নীতিতে বিশ্বাসী নন। তিনি চান দ্রুত দলের সেরা প্রথম একাদশ বেছে নিতে। অন্যদিকে, বিদেশিহীন প্রায় মাঝারি মানের ভারতীয় ব্রিগেড নিয়ে মহামেডান কোচ মেহরাজউদ্দিনের সামনে পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। খাদের কিনারে দাঁড়িয়ে সাদা-কালো ব্রিগেড কি পারবে মোহনবাগানের জয়রথ থামাতে? উত্তর দেবে শনিবারের ফুটবল যুদ্ধ।