জেল থেকে বেরোলেও ‘এলাকা বন্দি’ প্রাক্তন এসএসসি কর্তা! শান্তি প্রসাদের জামিনে আদালতের একগুচ্ছ নির্দেশ

রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ সাড়ে তিন বছরের কারাবাসের অবসান হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের (SSC) প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার। শুক্রবার কলকাতা হাইকোর্ট তাঁর জামিন মঞ্জুর করেছে। ২০২২ সালের ১০ আগস্ট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাঁকে গ্রেফতার করেছিল। এরপর এনফোর্সরমেন্ট ডিরেক্টরেট (ED)-ও তাঁকে হেফাজতে নেয়। সিবিআই মামলায় আগেই জামিন পেলেও ইডির মামলায় এতদিন জেলবন্দি ছিলেন তিনি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অবশেষে মিলল সেই বহুপ্রতিক্ষিত মুক্তি।
তবে জামিন দিলেও শান্তি প্রসাদ সিনহার ওপর একগুচ্ছ কড়া শর্ত আরোপ করেছে উচ্চ আদালত। বিচারপতির নির্দেশ অনুযায়ী, তিনি নিজের এলাকার বাইরে বেরোতে পারবেন না। তাঁকে অবিলম্বে পাসপোর্ট জমা রাখতে হবে এবং দুটি সচল ফোন নম্বর তদন্তকারী অফিসার ও স্থানীয় থানায় দিয়ে রাখতে হবে। আদালত স্পষ্ট জানিয়েছে, তিনি কোনোভাবেই এই মামলার সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করতে বা তাঁদের প্রভাবিত করতে পারবেন না। যদি মামলার কোনো তথ্য বা নথি বিকৃত করার চেষ্টা করা হয়, তবে তৎক্ষণাৎ তাঁর জামিন বাতিল করা হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত বছর নভেম্বরেই জেলমুক্ত হয়েছেন। প্রায় সাড়ে তিন বছর পর পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির পথ অনুসরণ করেই এবার জামিন পেলেন শান্তি প্রসাদ। এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনার পর থেকেই এই মামলা রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছিল। শান্তি প্রসাদের জেলমুক্তি সেই দীর্ঘ আইনি লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।