শর্তসাপেক্ষে সবুজ সংকেত! ১ মার্চ থেকেই শুরু বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, আদালতের নির্দেশে স্বস্তিতে বঙ্গ বিজেপি

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে চাঙ্গা করতে মরিয়া বিজেপি। সেই লক্ষ্যে ১ মার্চ থেকে রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করতে চেয়েছিল গেরুয়া শিবির। তবে পুলিশের অনুমতি না মেলায় জল গড়িয়েছিল আদালত পর্যন্ত। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের সিঙ্গল বেঞ্চ শেষ পর্যন্ত কিছু কঠোর শর্তসাপেক্ষে এই যাত্রার অনুমতি দিল। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত রাজ্যের নয়টি সাংগঠনিক বিভাগ থেকে এই পরিবর্তন যাত্রা বের করা যাবে।

বিজেপির এই কর্মসূচিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মতো হেভিওয়েট নেতাদের উপস্থিত থাকার কথা। তবে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, এই মিছিলে কোনোভাবেই জনজীবন বিপর্যস্ত করা যাবে না। আদালতের দেওয়া প্রধান শর্তগুলি হলো— প্রতিটি মিছিলে ১০০০ জনের বেশি লোক থাকা চলবে না, মিছিল করতে হবে দুপুর ২টো থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এবং মাইক ব্যবহারের ক্ষেত্রে কড়া শব্দবিধি মেনে চলতে হবে। এ ছাড়াও, মিছিলে কোনো রকম উস্কানিমূলক বা কুরুচিকর মন্তব্য করা যাবে না এবং যান চলাচল স্বাভাবিক রাখতে হবে।

বিজেপিকে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতি জেলার জন্য ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর পুলিশকে আগেই জমা দিতে হবে। সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির কোনো ক্ষতি হলে তার দায়ভার নিতে হবে বিজেপিকেই। পাশাপাশি, কর্মসূচি শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অনুষ্ঠানস্থল পরিষ্কার করার দায়িত্বও তাদের। ১ মার্চ কোচবিহার, কৃষ্ণনগর, কুলটি ও গড়বেতা থেকে এই যাত্রার সূচনা হবে। উল্লেখ্য, কলকাতায় কোনো পরিবর্তন যাত্রা হচ্ছে না, কারণ ১৪ মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ সফল করাই এখন তিলোত্তমার বিজেপি কর্মীদের মূল লক্ষ্য।