কবে থেকে দেশজুড়ে E20 পেট্রোল বাধ্যতামূলক? জেনে নিন মোদী সরকারের বড় ঘোষণা

সাধারণ মানুষের পকেটে এবং গাড়ির ইঞ্জিনে বড় প্রভাব ফেলতে চলেছে কেন্দ্রীয় সরকারের নতুন নীতি। পেট্রোলিয়াম মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে ভারতের প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে E20 পেট্রোল বিক্রি বাধ্যতামূলক করা হয়েছে। এখন থেকে আপনার গাড়ির ট্যাঙ্কে যে জ্বালানি ভরবেন, তার ২০ শতাংশই হবে ইথানল।
E20 জ্বালানি আসলে কী? E20 পেট্রোল হলো এমন এক মিশ্রণ যেখানে ৮০ শতাংশ সাধারণ পেট্রোল এবং ২০ শতাংশ ইথানল থাকে। এই ইথানল মূলত আখ, ভুট্টা বা শস্য থেকে তৈরি একটি জৈব জ্বালানি। সরকারের লক্ষ্য দুটি— প্রথমত, বিদেশের ওপর জ্বালানি নির্ভরতা কমানো এবং দ্বিতীয়ত, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ করা। পাশাপাশি আখের সঠিক দাম দিয়ে কৃষকদের আয় বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।
গাড়ির ইঞ্জিনে কি ক্ষতি হবে? সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনার প্রিয় গাড়ি বা বাইকটি কি এই তেলে চলবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন:
-
নতুন গাড়ি: ২০২৩ সালের পর তৈরি হওয়া অধিকাংশ গাড়িই E20 কম্প্লায়েন্ট, অর্থাৎ এগুলোতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
-
পুরনো গাড়ি: পুরনো গাড়ির ক্ষেত্রে বিপত্তি ঘটতে পারে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেছেন যে, এই তেল ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ ৩ থেকে ৭ শতাংশ কমে যাচ্ছে এবং ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ খরচ বাড়ছে।
রক্ষা পাওয়ার উপায় কী? গাড়ি দ্রুত খারাপ হওয়া রুখতে বাজারে ইতিমধ্য়েই আসতে শুরু করেছে ‘E20 কনভার্সন কিট’। অনেক গাড়ি বিক্রেতা সংস্থা এই কিট দিচ্ছে, যা ব্যবহার করলে পুরনো ইঞ্জিনে ইথানল মেশানো পেট্রোল ব্যবহার করলেও ক্ষতির ঝুঁকি অনেকটাই কমবে।
পেট্রোলিয়াম মন্ত্রক ১৭ ফেব্রুয়ারি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ১ এপ্রিল থেকে প্রতিটি পাম্পে ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) বা রন ৯৫ (RON 95) স্ট্যান্ডার্ডের পেট্রোল বিক্রি নিশ্চিত করতে হবে।