পিছিয়ে গেল কয়লা পাচার মামলার শুনানি, আসানসোল আদালত থেকে খালি হাতে ফিরল লালা!

কয়লা পাচার (Coal Scam) মামলার শুনানি ঘিরে বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে ছিল টানটান উত্তেজনা। মামলার অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা সশরীরে হাজিরা দিলেও শেষ পর্যন্ত শুনানি ছাড়াই ফিরে যেতে হলো তাকে। রাজ্যে ভোটার তালিকা পরিমার্জন বা SIR প্রক্রিয়ায় বিচারকদের ব্যস্ততার কারণেই এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে আদালত সূত্রে খবর।

কেন থমকে গেল শুনানি?
বর্তমানে বাংলা জুড়ে বিশেষ নিবিড় পরিমার্জন প্রক্রিয়া বা SIR চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে বহু বিচারক এই কাজে সরাসরি যুক্ত রয়েছেন। ফলে আসানসোল সহ একাধিক আদালতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এদিন আসানসোল বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলা জজকে একটি চিঠি দিয়ে অনুরোধ করা হয় যেন ২৬ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত কোনো ‘অ্যাডভার্স অর্ডার’ বা প্রতিকূল নির্দেশ না দেওয়া হয়। সূত্রের খবর, জেলা জজ সেই আবেদন গ্রহণ করেছেন। মূলত বিচারকের অনুপস্থিতির কারণেই এদিন কয়লা মামলার কোনো অগ্রগতি হয়নি।

সিবিআই-এর দিকে নজর:
৫ বছর ধরে চলতে থাকা এই মামলায় তদন্তের গতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। ২০২৫ সালের নভেম্বর মাসে তদন্তকারী অফিসার উমেশ কুমার আদালতকে জানিয়েছিলেন, তিন মাসের মধ্যে প্রভাবশালী ব্যক্তিদের নামসহ চার্জশিট পেশ করা হবে। কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেলেও নতুন কোনো চার্জশিট জমা পড়েনি। ইসিএল আধিকারিক থেকে শুরু করে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব—অনেকের নাম এই কাণ্ডে জড়িয়ে থাকলেও চার্জশিট পেশে দেরি হওয়ায় বিচারক গত শুনানিতে অসন্তোষ প্রকাশ করেছিলেন।

এদিন সিবিআই আদালতের সিদ্ধান্তের দিকেই সবার নজর ছিল, কিন্তু পরিস্থিতির ফেরে মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে ২৭ মার্চ। এখন দেখার, মার্চের শেষে সিবিআই কোনো বড় ধামাকা করতে পারে কি না।