সাতসকালে বিপত্তি! হঠাৎ থমকে গেল হোয়াটসঅ্যাপ, মেসেজ পাঠাতে গিয়ে নাজেহাল ব্যবহারকারীরা

শুক্রবার ছুটির আমেজ আসার আগেই কর্মব্যস্ত সকালে বড়সড় ধাক্কা খেলেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। সকাল থেকেই বিশ্বের জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মের ‘ওয়েব ভার্সন’ বা ‘ডেস্কটপ ভার্সন’ ব্যবহারে চরম সমস্যার সম্মুখীন হতে হয় গ্রাহকদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মাইক্রোব্লগিং সাইটগুলিতে ব্যবহারকারীরা অভিযোগের পাহাড় জমিয়েছেন। তাঁদের দাবি, হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ-ইন করতে গেলেই ‘লিঙ্ক ফেইল’ হয়ে যাচ্ছে, আবার অনেকের ক্ষেত্রে দীর্ঘক্ষণ লোডিং চললেও পেজ ওপেন হচ্ছে না।

ঠিক কী সমস্যা হচ্ছে?
ডিজিটাল পরিষেবার বিভ্রাট নজরদারি করার প্ল্যাটফর্ম ‘ডাউন ডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার পর থেকেই এই সমস্যার সূত্রপাত। রিপোর্ট বলছে, প্রায় ৫৬ শতাংশ ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ওয়েব নিয়ে অভিযোগ করেছেন। অন্যদিকে, ৩৬ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন মোবাইল অ্যাপেও সমস্যা দেখা দিচ্ছে। এমনকি আইফোন ব্যবহারকারীরাও এই বিভ্রাট থেকে রেহাই পাননি। ৬ শতাংশ গ্রাহক জানিয়েছেন, মেসেজ পাঠালেও তা ডেলিভারি হতে অস্বাভাবিক সময় নিচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ:
খাতিজা শেখ নামে এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী লিখেছেন, “হোয়াটসঅ্যাপ কি ডাউন? অন্য ডিভাইসে লগ-ইনই করা যাচ্ছে না।” হানা নামে এক ভেরিফায়েড ইউজারও একই সমস্যার কথা জানিয়ে বলেন, কোনও ব্রাউজার দিয়েই তিনি ফোনের সঙ্গে ওয়েব ভার্সন কানেক্ট করতে পারছেন না। যদিও এই বিভ্রাট নিয়ে মেটা (Meta) বা হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি।

তবে আশার কথা হলো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে (সকাল ১০.৪৭ মিনিটের পর থেকে) পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বজুড়ে এক্স (X) পরিষেবা ব্যাহত হয়েছিল। এবার সেই একই অভিজ্ঞতার মুখে পড়লেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।