রুই মাছের সেই একঘেয়ে ঝোল আর নয়! ধনেপাতার এই জাদুকরী রেসিপিতে এক থালা ভাত নিমেষে শেষ হবে

বাঙালির পাতে মাছ মানেই এক আলাদা তৃপ্তি। আর সেই মাছ যদি হয় রুই, তবে তো কথাই নেই। তবে রোজকার সেই একঘেয়ে আলু-পটল দিয়ে মাছের ঝোল খেতে খেতে অনেকেরই মুখে চড়া পড়ে গিয়েছে। জিভের স্বাদ বদলাতে এবং ভোজনরসিক মনকে চনমনে করতে আজই ট্রাই করুন রুই মাছের এক অভিনব পদ। ধনেপাতার সুগন্ধে ভরা এই ‘ধনেপাতা রুই’ আপনার দুপুরের খাওয়ার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।
বিশেষ করে পুজোর মরশুমে বা ছুটির দুপুরে যখন স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, অথচ হাতে সময় কম, তখন এই রেসিপিটি আপনার সেরা বাজি হতে পারে। খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি এই পদটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু।
উপকরণ:
রুই মাছ (৪০০ গ্রাম), সরষের তেল (পরিমাণমতো), হলুদ গুঁড়ো (১ চা চামচ), ধনেপাতা বাটা (৪ আঁটি), কাঁচালঙ্কা বাটা (৩টি), চেরা কাঁচালঙ্কা (৪টি), নুন (স্বাদমতো) এবং লেবুর রস (১ টেবিল চামচ)।
প্রণালী:
প্রথমে মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন। কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলের মধ্যেই বেটে রাখা ধনেপাতা, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও সামান্য নুন দিয়ে মশলাটি ভালো করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে পরিমাণমতো জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিন। উপর থেকে চেরা কাঁচালঙ্কা এবং লেবুর রস ছড়িয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে উপর থেকে কিছুটা টাটকা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু ধনেপাতা রুই।