সোনা নিয়ে নতুন নিয়ম, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে নিয়ম, বড় ঝটকা বিনিয়োগকারীদেড়!

সোনা মানেই নিরাপদ বিনিয়োগ, আর ‘সোভারেন গোল্ড বন্ড’ (SGB) ছিল বিনিয়োগকারীদের অন্যতম পছন্দের জায়গা। কিন্তু সেই সুখের দিন ফুরোতে চলেছে। নতুন অর্থবছর অর্থাৎ ১ এপ্রিল থেকে গোল্ড বন্ডের নিয়মে এক বিরাট রদবদল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে সেকেন্ডারি মার্কেট অর্থাৎ স্টক এক্সচেঞ্জ থেকে গোল্ড বন্ড কিনলে আর মিলবে না ট্যাক্স ছাড়ের সুবিধা।
ঠিক কী বদলাচ্ছে? এতদিন পর্যন্ত সেকেন্ডারি মার্কেট থেকে গোল্ড বন্ড কিনলে ম্যাচুরিটির সময় কোনো ‘ক্যাপিটাল গেইন ট্যাক্স’ দিতে হতো না। কিন্তু নতুন বাজেটের নিয়ম অনুযায়ী, এখন থেকে এই সুবিধা শুধুমাত্র তাঁদের জন্যই বরাদ্দ থাকবে যাঁরা সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক (RBI) থেকে বন্ড কিনবেন। সিএ নিতিন কৌশিকের মতে, সরাসরি কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে না কিনলে বিনিয়োগকারীদের এখন থেকে কড়া ট্যাক্সের মুখে পড়তে হবে।
আয়-ব্যয়ের নতুন হিসেব: ধরা যাক, আপনি স্টক এক্সচেঞ্জ থেকে ৭,০০০ টাকায় একটি গোল্ড বন্ড কিনলেন। ম্যাচুরিটির সময় যদি তার দাম বেড়ে ১১,০০০ টাকা হয়, তবে আপনার লাভ হলো ৪,০০০ টাকা। আগে এই ৪,০০০ টাকা পুরোটাই আপনার পকেটে আসত। কিন্তু নতুন নিয়মে আপনাকে এই লাভের ওপর ১২.৫ শতাংশ হারে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। অর্থাৎ লাভ থেকে সরাসরি ৫০০ টাকা সরকার কেটে নেবে।
কারা পাবেন আগের সুবিধা?
-
সরাসরি ক্রেতা: যাঁরা সরাসরি আরআইবি-র মাধ্যমে ইস্যু করা গোল্ড বন্ড কিনবেন, তাঁরা বছরে ২.৫% সুদ পাবেন এবং ম্যাচুরিটির সময় কোনও ট্যাক্স দিতে হবে না।
-
সেকেন্ডারি মার্কেট: এক্সচেঞ্জ থেকে কিনলে ২.৫% সুদ মিললেও, মুনাফার ওপর ১২.৫% ট্যাক্স দিতেই হবে। এমনকি এই বন্ড কাউকে উপহার (Gift) হিসেবে দিলেও ট্যাক্সের হাত থেকে রেহাই নেই।
সোনার বিনিয়োগকে সুরক্ষিত রাখতে সাধারণ মানুষ এখন কতটা এই বন্ডের দিকে ঝুঁকবেন, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ফলে ১ এপ্রিলের আগে লগ্নিকারীদের নতুন করে ভাবার সময় এসেছে।