“বোমাবিস্ফোরণ-এয়ারস্ট্রাইক”-আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের

দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার পুরোদস্তুর যুদ্ধের চেহারা নিল। আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তান সরাসরি যুদ্ধ ঘোষণা করতেই রণক্ষেত্রে পরিণত হল ডুরান্ড লাইন। তালিবান সরকারের এক বিস্ফোরক দাবি অনুযায়ী, পাল্টা হামলায় তারা অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনাকে নিকেশ করেছে এবং দখল করে নিয়েছে ১৯টি পাক সামরিক পোস্ট!

মাঝরাতে কাবুলে বিস্ফোরণ: শুক্রবার ভোররাত থেকেই কাবুলের আকাশ কেঁপে ওঠে পাক যুদ্ধবিমানের গর্জনে। কান্দাহার ও পাকতিয়াতেও ভারী বোমাবর্ষণ শুরু করে পাকিস্তান। কিন্তু তালিবানরা যে এভাবে প্রত্যাঘাত করবে, তা হয়তো ভাবেনি ইসলামাবাদ। আফগান প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, মাত্র ৪ ঘণ্টার ঝোড়ো অভিযানে তারা সীমান্তের ওপারে ঢুকে পাকিস্তানের ২টি বড় সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু পাক সেনাকে ‘জীবিত’ বন্দি করার দাবিও করেছে কাবুল।

দাবি-পাল্টা দাবির লড়াই: যুদ্ধের ময়দানের মতো তথ্যের লড়াইও তুঙ্গে। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের দাবি, তাদের অভিযানে ৫৫ জন পাক সেনা নিহত হয়েছে। অন্যদিকে, পাকিস্তান এই পরিসংখ্যানকে সম্পূর্ণ অস্বীকার করেছে। পাক তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারারের দাবি, মাত্র ২ জন পাক সেনা নিহত হয়েছেন, উল্টে ৩৬ জন আফগান যোদ্ধাকে খতম করেছে পাকিস্তান। সেনাকে বন্দি করার খবরকেও ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের দপ্তর।

ডুরান্ড লাইনে কেন এই আগুন? বিতর্কিত ২ হাজার ৬১১ কিলোমিটার দীর্ঘ ‘ডুরান্ড লাইন’ দুই দেশের চিরকালীন বিবাদের কেন্দ্র। তালিবানরা এই সীমান্তকে স্বীকৃতি দিতে নারাজ। গত কয়েক মাস ধরে ছোটখাটো সংঘর্ষ চললেও, এবার পাক প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি যুদ্ধ ঘোষণার হুমকি পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছে। টোরখাম সীমান্তের গুরুত্বপূর্ণ পারাপার পয়েন্টগুলি এখন কার্যত জনশূন্য এবং সেনা ছাউনিতে ভর্তি।

অনড় পাকিস্তান, সতর্ক তালিবান: পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “সার্বভৌমত্ব নিয়ে কোনও আপস হবে না।” অন্যদিকে, নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের ওপর হামলার অভিযোগ তুলে পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রেখেছে আফগান প্রশাসনও। স্বাধীনভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা সম্ভব না হলেও, দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সংঘাত যে বিশ্ব রাজনীতিতে বড়সড় কম্পন সৃষ্টি করবে, তা নিশ্চিত।