১০ বছর পর উদ্ধার ‘গুপ্তধন’, খুশির বদলে কান্নায় ভেঙে পড়লেন মহিলা! কেন জানেন?

প্রায় এক দশক আগে স্বামীর পকেট থেকে অল্প অল্প করে টাকা সরিয়ে একটি বড়সড় ‘তহবিল’ গড়ে তুলেছিলেন এক গৃহবধূ। উদ্দেশ্য ছিল বিপদের দিনে কাজে লাগবে। কিন্তু সেই লুকানো সঞ্চয় যখন দশ বছর পর সামনে এল, তখন খুশির বদলে কান্নায় ভেঙে পড়লেন ওই মহিলা। কারণ, সযত্নে লুকিয়ে রাখা সেই নোটের বান্ডিলগুলোর এখন কানাকড়িও মূল্য নেই। উদ্ধার হওয়া সমস্ত টাকাই ছিল পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলার মেয়ে হাসতে হাসতে মায়ের এই করুণ দশার কথা বর্ণনা করছেন। ভিডিওর শুরুতে দেখা যায়, মহিলা হাহাকার করে কাঁদছেন। কারণ, ২০১৬ সালের নভেম্বরে ভারত সরকার যখন নোটবন্দি ঘোষণা করেছিল, তখন তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তাঁর জমানো টাকাগুলো অচল হয়ে যাবে। ভয়ে বা অসাবধানতায় সেই সময় তিনি কাউকে কিছু জানাননি এবং নোটগুলো বদলাতেও ভুলে গিয়েছিলেন। সম্প্রতি ঘর পরিষ্কার করতে গিয়ে সেই পুরনো নোটের পাহাড় উদ্ধার হতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
ভিডিওটি ভাইরাল হতেই নেটপাড়ায় হাসির রোল উঠেছে। কেউ রসিকতা করে লিখেছেন, “৯ বছর পর আন্টির মনে পড়ল? একেই বলে চুরির ফল!” আবার কেউ পরামর্শ দিয়েছেন, “কান্নাকাটি না করে এগুলো এন্টিক কালেকশন হিসেবে পুরনো নোটের প্রদর্শনীতে বিক্রি করে দিন।” তবে মজার ছলে হলেও, এই ঘটনা আবারও মনে করিয়ে দিল ২০১৬-র সেই ঐতিহাসিক নোটবন্দির স্মৃতি, যখন কালো টাকা ও জাল নোট রুখতে রাতারাতি ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মহিলার মতো এমন হাজারো ‘লুকানো সঞ্চয়’ আজও হয়তো অনেক বাড়ির কোণে অকেজো কাগজ হয়ে পড়ে রয়েছে।