আগামীকালই কি জানা যাবে কারা ‘যোগ্য’ ভোটার? এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে তুঙ্গে জল্পনা!

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে বড়সড় ডামাডোল ভোটার তালিকা নিয়ে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ মেনে আগামীকাল, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি, প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এটাই শেষ নয়, শনিবারের তালিকার পর ধাপে ধাপে আরও অতিরিক্ত তালিকা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে।

কমিশন সূত্রে খবর, শনিবার যে তালিকা প্রকাশিত হবে সেখানে আপাতত সবার নামই থাকছে। তবে কারা ‘যোগ্য’ আর কারা ‘অযোগ্য’, তা এখনই আলাদা করে চিহ্নিত করা হয়নি। ভোটাররা তাঁদের নাম এই তালিকা থেকে যাচাই করে নিতে পারবেন। মূলত তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তার সমাধানের দায়িত্ব এখন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের হাতে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড ভোটারদের পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে গ্রহণযোগ্য নথি হিসেবে গণ্য হবে।

শীর্ষ আদালত আরও জানিয়েছে যে, ১৪ ফেব্রুয়ারির আগে পর্যন্ত জমা পড়া সমস্ত নথি গ্রহণ করতে হবে। বিচারপতি জয়মাল্য বাগচীর পর্যবেক্ষণ অনুযায়ী, ২৮ তারিখের পর যে অতিরিক্ত তালিকাগুলো প্রকাশিত হবে, সেগুলোকে ওই তারিখেরই অংশ হিসেবে ধরা হবে যাতে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ না হয়। মনোনয়ন জমা দেওয়ার পরও এই তালিকা প্রকাশের রাস্তা খোলা রাখা হয়েছে। নির্বাচন কমিশন এবং বিচারবিভাগীয় আধিকারিকদের মধ্যে সমন্বয় বজায় রেখে দ্রুত এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত।