বিজয়-রশ্মিকার বিয়েতে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা! রুপোর গণেশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে ‘বিরোশ’!

দীর্ঘ সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে গাঁটছড়া বাঁধলেন দক্ষিণ ভারতের দুই সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। বিলাসযবহুল ‘আইটিসি মেমেন্টোস’-এ অত্যন্ত ঘনিষ্ঠ বৃত্তে ঐতিহ্যবাহী তেলুগু হিন্দু রীতি মেনে তাঁদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে এই বিয়ের সবচেয়ে বড় চমক ছিল দেশের দুই শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ। দিল্লির দরবারে পৌঁছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে একটি সুন্দর বাক্সে রাখা ‘রুপোর গণেশ’ এবং আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন নবদম্পতি। এই উপহারটি কেবল শুভ সূচনার প্রতীক নয়, বরং ভারতীয় ঐতিহ্যের প্রতি তাঁদের গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।

অমিত শাহের সঙ্গে সাক্ষাতের সময় রশ্মিকার পরনে ছিল সরষের হলুদ রঙের (Mustard) সালোয়ার স্যুট এবং বিজয়ের পরনে ছিল আইভরি রঙের ইন্দো-ওয়েস্টার্ন পোশাক। শাহের সঙ্গে দেখা করার আগেই এই দম্পতির কাছে পৌঁছে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদবার্তা। বিজয়ের বাবা-মায়ের উদ্দেশে পাঠানো এক আন্তরিক চিঠিতে প্রধানমন্ত্রী তাঁদের নতুন জীবনের শুভেচ্ছা জানান। মোদী লেখেন, বিজয় ও রশ্মিকা পর্দার স্ক্রিপ্টের সঙ্গে পরিচিত হলেও, তাঁদের বাস্তব জীবনের এই ‘দৈবনির্দেশিত’ অধ্যায় রুপোলি পর্দার জাদু কেউ ছাপিয়ে যাবে।

বিয়ের খবরটি প্রথমদিকে গোপন রাখা হলেও, অনুষ্ঠান শেষে দম্পতির টিমের পক্ষ থেকে ভেন্যুর বাইরে অপেক্ষারত পাপারাৎজিদের মিষ্টি বিতরণ করে শুভ সংবাদটি নিশ্চিত করা হয়। দীর্ঘদিনের লুকোচুরি শেষ করে এখন ভারতজুড়ে ‘বিরোশ’ জুটির নতুন সংসার শুরুর খবর নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে।