অপেক্ষার অবসান, রূপকথার বিয়ে সারলেন বিজয়-রশ্মিকা! বিয়ের পিঁড়িতে বসে কেঁদে ফেললেন ‘অ্যানিম্যাল’ অভিনেত্রী!

দক্ষিণী সিনেমার সবচেয়ে চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন। বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে এই তারকা জুটির বিয়ের একাধিক মুহূর্তের ছবি, যা দেখার জন্য শুক্রবার সকাল থেকেই মুখিয়ে ছিলেন অনুরাগীরা। তেলুগু এবং কোডাভা— দুই রীতি মেনেই সম্পন্ন হয়েছে ‘বিরোশ’-এর এই রূপকথার বিয়ে। বিয়ের পর নবদম্পতির আবেগঘন পোস্ট এখন নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল।

বিয়ের প্রথম ছবি শেয়ার করে রশ্মিকা তাঁর মনের মানুষকে ‘স্বামী’ সম্বোধন করে লিখেছেন, “বিজয় আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা ও শান্তি কী। ওঁর সম্পর্কে আমি আস্ত একটা বই লিখে ফেলতে পারি। আমি বিজয়ের স্ত্রী হতে পেরে ভীষণ উত্তেজিত।” অন্যদিকে, বিজয়ও কম যান না। প্রিয় বন্ধুকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়ে আবেগাপ্লুত অভিনেতা লিখেছেন, “সব ক্ষেত্রে ওকে আমার প্রয়োজন ছিল। আজ আমার প্রিয় বন্ধুকে স্ত্রী হিসেবে পেয়ে জীবন পূর্ণ হলো।”

এই হাই-প্রোফাইল বিয়েতে শুভেচ্ছার ঢল নেমেছে সিনে দুনিয়ায়। রশ্মিকার আগামী ছবি ‘ককটেল ২’-এর সহ-অভিনেত্রী কৃতি স্যানন একটি দীর্ঘ পোস্টে লিখেছেন, “রাশু, তোমার চোখের জল আর হাসি আমাকে আবেগপ্রবণ করে তুলেছে। তুমি পৃথিবীর সমস্ত ভালোবাসা পাওয়ার যোগ্য।” এছাড়া সামান্থা রুথ প্রভু, আয়ুষ্মান খুরানা, ভূমি পেডনেকর এবং নেহা ধুপিয়ার মতো তারকারাও নবদম্পতিকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন। এখন শুধুই উদযাপনের পালা, কারণ পর্দার প্রেম এবার বাস্তবেও পূর্ণতা পেল।