২৫০০ কোটির মেগা প্রজেক্ট! বাংলার ৪৩০ স্কুলে বিশ্বমানের ভোলবদল, বিরাট ঘোষণা ব্রাত্যর!

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ২৫০০ কোটি টাকার মেগা প্রকল্পের ঘোষণা করল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পরিকল্পনাকে বাস্তবায়িত করতে এবার রাজ্যের ৪৩০টি সরকারি স্কুলকে ‘মডেল স্কুল’-এ রূপান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ‘এনহ্যান্সিং স্কুল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল’ প্রকল্পের কথা ঘোষণা করেন। এই বিশাল খরচের ৭০ শতাংশ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (ADB) এবং বাকি ৩০ শতাংশ বহন করবে রাজ্য সরকার।
পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের প্রতিটি ব্লকে একটি করে এবং অনগ্রসর ৮৭টি ব্লকে দুটি করে স্কুলকে বিশ্বমানের করে তোলা হবে। এই স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম, অত্যাধুনিক বিজ্ঞান গবেষণাগার, ডিজিটাল ল্যাব এবং পরিবেশবান্ধব ভবন তৈরি করা হবে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আধুনিক স্যানিটেশন ও র্যাম্পের ব্যবস্থা থাকবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই ৪৩০টি স্কুলেই বাংলা ও ইংরেজি—উভয় মাধ্যমেই পঠনপাঠন চলবে।
শিক্ষামন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন যে, এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে বড়সড় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। আগামী ৫ বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, যেখানে মাধ্যমিক স্তর থেকেই ভোকেশনাল ট্রেনিং এবং STEM শিক্ষায় জোর দেওয়া হবে।