চিপকে ‘অভিষেক’ ঝড়! জিম্বাবোয়ের বিরুদ্ধে ২৫৬ রানের এভারেস্ট গড়ল টিম ইন্ডিয়া!

মরণ-বাঁচন ম্যাচে দাপুটে প্রত্যাবর্তন বিশ্বচ্যাম্পিয়নদের। চিপকের ২২ গজে জিম্বাবোয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন ভারতীয় ব্যাটাররা। বৃহস্পতিবার সুপার এইটের হাই-ভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২৫৬ রানের বিশাল স্কোর খাড়া করল ভারত। সৌজন্যে, ওপেনার অভিষেক শর্মার বিধ্বংসী কামব্যাক এবং হার্দিক-সূর্যদের পাওয়ার হিটিং।
অভিষেক-ম্যাজিক: টানা ব্যর্থতার পর অবশেষে জ্বলে উঠলেন অভিষেক শর্মা। এদিন যেন পন করেছিলেন সমালোচকদের ব্যাটেই জবাব দেবেন। মাত্র ৩০ বলে ৫৫ রানের এক বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৪টি বিশাল ছক্কা ও ৪টি বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ১৮৩.৩৩ স্ট্রাইক রেটের এই ইনিংস। শুরুতে সঞ্জু স্যামসনের (১৫ বলে ২৪) সঙ্গে তাঁর পার্টনারশিপ ভারতকে রানের ভিত গড়ে দেয়।
ঝড় তুললেন হার্দিক-সূর্য: মাঝের ওভারে ঈশান কিষাণ (৩৮) ভরসা দিলেও গ্যালারি মাতালেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাত্র ১৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে প্রতিপক্ষের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। তবে আসল বিনোদন তখনও বাকি ছিল। স্লগ ওভারে জিম্বাবোয়ের বোলারদের ক্লাবস্তরে নামিয়ে আনেন হার্দিক পান্ডিয়া। মাত্র ২৩ বলে অপরাজিত ৫০ রান করে ভারতকে ২৫০-এর গণ্ডি পার করান তিনি। হার্দিকের ইনিংসে ছিল ৪টি আকাশচুম্বী ছক্কা। যোগ্য সঙ্গত দেন শিবম দুবেও।
সেমিফাইনালের টিকিট পেতে গেলে ভারতকে শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। ২৫৬ রানের এই পাহাড় প্রমাণ স্কোর হাতে নিয়ে এখন বোলারদের দিকে তাকিয়ে গোটা দেশ। জিম্বাবোয়ের জন্য এই লক্ষ্য কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।