বয়স্কদের সুবিধায় বড় সিদ্ধান্ত! কলকাতার পাশে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৫৭ আবাসনে নতুন ভোটকেন্দ্র!

ভোটদান প্রক্রিয়াকে আরও সহজ ও জনমুখী করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। এখন থেকে ভোট দিতে আর রোদে পুড়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দূরে যেতে হবে না। বড় আবাসনের বাসিন্দাদের জন্য আবাসনের চত্বরেই বুথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের মোট ৭৮টি বহুতল আবাসনে এবার ভোটকেন্দ্র স্থাপন করা হবে। আগে এই সংখ্যাটি ছিল ২১, কিন্তু বর্তমানে ভোটারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও ৫৭টি বহুতলকে এই তালিকায় যুক্ত করা হয়েছে।

কেন এই নয়া উদ্যোগ? কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, অনেক সময় বহুতল আবাসনের বাসিন্দারা ভোটকেন্দ্র দূরে হওয়ার কারণে ভোট দিতে যান না। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে যাতায়াত একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। শহরাঞ্চলে ভোটদানের হার বাড়ানোর লক্ষ্যে এবং নাগরিকদের সুবিধার্থে ‘দোরগোড়ায় বুথ’ পৌঁছে দেওয়ার এই পরিকল্পনা। এর ফলে ভোট দেওয়ার হার যেমন বাড়বে, তেমনই সুবিধাজনক হবে বয়স্ক ভোটারদের জন্য।

জেলার নিরিখে কোথায় ক’টি নতুন বুথ? নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত জেলাভিত্তিক তালিকা অনুযায়ী:

  • দক্ষিণ ২৪ পরগনা: ২৫টি বহুতলে বুথ হবে (সর্বাধিক)।

  • উত্তর ২৪ পরগনা: ১৬টি আবাসন।

  • উত্তর কলকাতা: ৫টি বহুতল।

  • হাওড়া: ৪টি আবাসন।

  • পূর্ব বর্ধমান: ৩টি বহুতল।

  • হুগলি: ৩টি আবাসন।

  • দক্ষিণ কলকাতা: ১টি আবাসন।

জানা গিয়েছে, খসড়া তালিকায় প্রতিটি বুথে গড় ভোটারের সংখ্যা ৭০ জন করে কমানো হয়েছে যাতে ভিড় এড়ানো সম্ভব হয়। আগে সাতটি জেলায় ৬৯টি আবাসনের কথা ভাবা হলেও, চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ। প্রশাসনের আশা, এই ব্যবস্থার ফলে উৎসবের মেজাজে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন আবাসনের বাসিন্দারা।