ট্রাম্পের থেকে দ্বিগুণ জনপ্রিয়? ইনস্টাগ্রামে মোদীর রাজত্বে ফিকে বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা!

ডিজিটাল ইন্ডিয়ার প্রবক্তা তিনি, আর এবার ডিজিটাল দুনিয়াতেই বিশ্বজয় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ফলোয়ারের অনন্য মাইলফলক স্পর্শ করলেন তিনি। আজ, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালেই এই ঐতিহাসিক নজির গড়েছেন মোদী, যা তাঁকে বিশ্বের সমসাময়িক যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের চেয়ে যোজন যোজন এগিয়ে দিয়েছে।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়াকে জনসম্পর্কের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। গত এক দশকে তাঁর প্রোফাইলটি বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং ‘এনগেজিং’ ডিজিটাল স্পেসে পরিণত হয়েছে। পরিসংখ্যান বলছে, জনপ্রিয়তার নিরিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অনায়াসে টেক্কা দিয়েছেন তিনি। ট্রাম্পের ফলোয়ার সংখ্যা বর্তমানে ৪৩.২ মিলিয়ন, যা মোদীর ফলোয়ার সংখ্যার অর্ধেকেরও কম।

বিশ্বের শীর্ষ নেতাদের তালিকা: ইনস্টাগ্রামের এই রাজকীয় দৌড়ে মোদীর পরে দ্বিতীয় স্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় স্থানে থাকা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর ফলোয়ার সংখ্যা ১৫ মিলিয়ন। এর পরেই রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা (১৪.৪ মিলিয়ন) এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান (১১.৬ মিলিয়ন)। আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই রয়েছেন ষষ্ঠ স্থানে (৬.৪ মিলিয়ন)।

দেশের অন্দরেও অপ্রতিদ্বন্দ্বী: ভারতীয় রাজনীতির ময়দানেও মোদীর ধারেকাছে কেউ নেই। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ফলোয়ার সংখ্যা ১৬.১ মিলিয়ন এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার ১২.৬ মিলিয়ন। অর্থাৎ, অভ্যন্তরীণ রাজনীতি থেকে আন্তর্জাতিক কূটনৈতিক আঙিনা—ডিজিটাল জনপ্রিয়তায় নরেন্দ্র মোদী এখন অপ্রতিদ্বন্দ্বী সম্রাট।