দিল্লি পুলিশ বনাম হিমাচল পুলিশ! ৩ কংগ্রেস কর্মীকে গ্রেফতার ঘিরে রণক্ষেত্র শিমলা, তুঙ্গে সংঘাত

এআই ইমপ্যাক্ট সামিটে (AI Impact Summit) জামা খুলে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় অভিযুক্ত তিন কংগ্রেস কর্মীকে গ্রেফতার করাকে কেন্দ্র করে নজিরবিহীন সংঘাতে জড়াল দিল্লি পুলিশ ও হিমাচল প্রদেশ পুলিশ। বুধবার ভোরে হিমাচলের রোহরু থেকে অভিযুক্তদের আটক করার পর থেকেই দুই রাজ্যের পুলিশের মধ্যে শুরু হয়েছে এফআইআর ও পাল্টা এফআইআর-এর লড়াই।
ঘটনার সূত্রপাত বুধবার ভোরে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল সাদা পোশাকে শিমলার একটি রিসর্টে অভিযান চালিয়ে ৩ যুব কংগ্রেস কর্মীকে আটক করে। দিল্লি ফেরার পথে সোলান জেলার ধরমপুরের কাছে তাঁদের পথ আটকায় হিমাচল পুলিশ। হিমাচল পুলিশের দাবি, ভিন রাজ্যের পুলিশ এসে নিয়ম না মেনে এভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারে না, যা সম্পূর্ণ ‘বেআইনি’। অন্যদিকে, দিল্লি পুলিশের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের সময় হিমাচল পুলিশ তাঁদের কাজে বাধা দিয়েছে। এই অভিযোগে হিমাচল পুলিশের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ।
শিমলা পুলিশের অভিযোগ, সাদা পোশাকে ১৫-২০ জন ব্যক্তি কোনও আইনি মেমো ছাড়াই রিসর্টের সিসিটিভি ডিভিআর তুলে নিয়ে যায় এবং অতিথিদের জোর করে গাড়িতে তোলে। বর্তমানে ওই তিন কর্মীকে পুনরায় শিমলায় ফিরিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লিতে এআই সামিটে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে টি-শার্ট খুলে বিক্ষোভ দেখিয়েছিলেন এই কর্মীরা। বিজেপি এই ঘটনাকে ‘লজ্জাজনক’ বললেও কংগ্রেস একে ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’ বলে দাবি করেছে।