কলকাতায় ১৮ ডিগ্রিতে নামল পারদ! ফের ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত

বৃষ্টি কাটতেই কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে। দীর্ঘ ৬ দিন পর শহরের পারদ ১৯ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই ডিগ্রি কম। কিন্তু আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, এই আমেজ একেবারেই সাময়িক। দুদিন কাটতে না কাটতেই এক ধাক্কায় তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে রোদের তেজ বাড়বে এবং দিনের বেলা গরম অনুভূত হবে। দোলের সময় কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে দোলের সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং আগামী ২ মার্চ সোমবার উত্তর-পশ্চিম ভারতে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের ফলেই আবহাওয়ার এই ভোলবদল।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকা যেমন দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি রাজ্যে পরবর্তী সাত দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার থেকে কুয়াশার দাপট কমবে এবং আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে শীতপ্রেমীদের জন্য মনখারাপের খবর দিলেও, বসন্তের শুরুতেই চড়া গরমের জন্য প্রস্তুত থাকতে বলছে আবহাওয়া দফতর।