রেললাইনে তাজা বোমার স্তূপ! বীরভূমে বড়সড় নাশকতার ছক? থমকে গেল ট্রেন চলাচল!

কাটোয়া-আজিমগঞ্জ ট্রেনে অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বীরভূমের সাঁইথিয়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় বোমাতঙ্ক। বৃহস্পতিবার সকালে রেলস্টেশন সংলগ্ন রেললাইনের ধারের একটি ধান জমি থেকে অন্তত সাত-আটটি তাজা বোমা উদ্ধার করল রেল পুলিশ (GRP)। এই ঘটনায় রেলের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, লাইনের একেবারে পাশেই বোমাগুলি মজুত করে রাখা ছিল। খবর পাওয়ার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানার পুলিশ ও জিআরপি। রাতভর আলোর ব্যবস্থা করে চলে উদ্ধারকাজ। নিরাপত্তা নিশ্চিত করতে সেই সময় আপ লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই ট্রেন থামিয়ে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞ দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে।
উল্লেখ্য, গত কয়েকদিনে রেল পরিষেবা নিয়ে রাজ্যে একাধিক উদ্বেগজনক ঘটনা ঘটেছে। হাবড়া লোকালে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই সাঁইথিয়ায় এই বোমা উদ্ধার স্বাভাবিকভাবেই যাত্রী সুরক্ষা নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে। এটি কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।