টেকনিশিয়ানদের মুখে হাসি! এক বছরে ১২৫টি এপিসোড, ফেডারেশনের নতুন চুক্তিতে কাজের জোয়ার!

টলিউড টেকনিশিয়ানদের জন্য সুখবর! স্টুডিওপাড়ার কর্মীদের কাজের অভাব দূর করতে বড়সড় পদক্ষেপ নিল ফেডারেশন (FCTWEI)। বৃহস্পতিবার ‘এম ই এল মুভিজ অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর সঙ্গে এক নতুন মৌ (MoU) চুক্তিতে স্বাক্ষর করল ফেডারেশন। এই চুক্তির ফলে আগামী এক বছরে কয়েক হাজার টেকনিশিয়ানের কাজের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।

ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, আগামী জুন মাস থেকে ‘সবসময়’ নামে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে চলেছে। এই প্ল্যাটফর্মটি ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে অন্তত ২৫টি ওয়েব সিরিজ আনার অঙ্গীকার করেছে। প্রতিটি সিরিজে ৫-৬টি করে এপিসোড থাকবে। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ১২৫ থেকে ১৩৫টি এপিসোড তৈরি হবে। স্বরূপ বাবুর হিসেব অনুযায়ী, এতে গড়ে প্রায় ২ হাজার ৬০০ জন টেকনিশিয়ান কাজের সুযোগ পাবেন। ওভারটাইম ধরলে কর্মদিবসের সংখ্যা আরও বাড়বে।

চুক্তির বিশেষ শর্ত অনুযায়ী, প্রজেক্টের বাজেট অনুযায়ী টেকনিশিয়ানের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। যদি প্রতি এপিসোডের বাজেট ৫ লক্ষ টাকার নিচে হয়, তবে ১৮ থেকে ২১ জন টেকনিশিয়ান কাজ করবেন। আর বাজেট ৫ লক্ষের বেশি হলে ৩৮ থেকে ৪২ জন টেকনিশিয়ান নিযুক্ত হবেন। স্বরূপ বিশ্বাস স্পষ্ট করে দেন, “কম বাজেটে টেকনিশিয়ানরা কাজ করবেন না— এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা আলোচনার মাধ্যমে সুস্থ কাজের পরিবেশ তৈরি করছি।” অন্যদিকে, সংস্থার কর্ণধার প্রদীপ চুড়িয়াল জানান, ওয়েব সিরিজের পাশাপাশি মিউজিক ভিডিও, এআই জেনারেটেড ছবি এবং পডকাস্টও থাকবে এই প্ল্যাটফর্মে। ফেডারেশনের এই উদ্যোগে ইন্ডাস্ট্রি আরও চাঙ্গা হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল।