চটি চেটে বঙ্গবিভূষণ…’ কুরুচিকর কমেন্টে ছিছিক্কার নেটপাড়ায়, ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন ইমন

জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী সোশ্যাল মিডিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন। জীবনের সুখ-দুঃখের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়া এই শিল্পী এবার নিজেকে গুটিয়ে নিলেন একরাশ বিতৃষ্ণা থেকে। ঘটনার সূত্রপাত গায়িকার মৃত মাকে নিয়ে এক নেটিজেনের চরম কুরুচিকর মন্তব্যকে কেন্দ্র করে। ২০১৪ সালে মাকে হারিয়েছেন ইমন। গতকাল মায়ের মৃত্যুবার্ষিকীতে একটি আবেগঘন পোস্ট করেছিলেন তিনি। সেখানে জনৈক ব্যক্তি মন্তব্য করেন, “আপনার মাকে ডাকুন, এসে দেখতে বলুন… চটি চেটে আপনি কেমন বঙ্গবিভূষণ পেয়েছেন।”

বৃহস্পতিবার সকালে ফেসবুক লাইভে এসে নিজের যন্ত্রণার কথা ব্যক্ত করেন ইমন। তিনি জানান, এই মন্তব্য তাঁকে কতটা গভীরভাবে আঘাত করেছে। ইমন বলেন, “কারও বাবা-মাকে নিয়ে অন্তত এমন কথা বলবেন না। আমি সারারাত ঘুমাতে পারিনি। মানুষের আক্রমণ কোন পর্যায়ে যেতে পারে, তা ভাবলে ভয় লাগে।” লাইভ চলাকালীনও আক্রমণ থামেনি। কেউ তাঁর ত্বকের সমস্যা (ব্রণ) নিয়ে টিটকিরি দেন, তো কেউ প্রশ্ন তোলেন কেন তিনি পাঁচালি গেয়েছেন বা কেন বিয়ের পর শাঁখা-পলা পরেননি। এমনকি তাঁর বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি রাখা নিয়েও নীতিপুলিশি চলে।

অব্যাহত ব্যক্তিগত আক্রমণে বিধ্বস্ত ইমন স্পষ্ট জানিয়েছেন, এখন থেকে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে কেবল গান সংক্রান্ত তথ্যই থাকবে। ব্যক্তিগত জীবনের কোনো ছবি বা ভিডিও তিনি আর পোস্ট করবেন না। ট্রোলারদের উদ্দেশ্যে তাঁর সাফ কথা, “আমার ব্রণ হতে পারে বা ক্যান্সার— তাতে আপনাদের কী? যারা এমন মানসিকতা নিয়ে চলেন, তারা আমার গান না শুনলেও আমার কোনো আক্ষেপ নেই।”