তৃণমূলের সংখ্যালঘু দুর্গে কি এবার ফাটল? শুভেন্দুর নতুন ‘ভবিষ্যদ্বাণীতে’ সরগরম রাজ্য রাজনীতি!

বাংলার ভোট রাজনীতিতে সংখ্যালঘু ভোটব্যাঙ্ক বরাবরই তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস। কিন্তু ২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে সেই সমীকরণ নিয়েই এবার বড়সড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর মতে, আগামী নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস নামা কেবল সময়ের অপেক্ষা। তাঁর স্পষ্ট দাবি, প্রতিটি মুসলিম প্রধান বুথে এবার শাসক দলকে পরাজয়ের মুখ দেখতে হবে এবং বিজেপিও সেই ভোটের একটি বড় অংশ পাবে।

শুভেন্দু বলেন, “হিন্দু ভোট তো আগেই একজোট হয়েছে। এবার পালা সংখ্যালঘুদের। প্রত্যেকটি সংখ্যালঘু বুথে তৃণমূল হারবে। আমরা যেমন ভোট পাব, তেমনি সিপিএম বা আইএসএফ প্রার্থী দিলেও তারা ভোট পাবে।” উল্লেখ্য, অতীতে সংখ্যালঘু ভোট নিয়ে শুভেন্দুর অবস্থান কিছুটা কঠোর থাকলেও, সাম্প্রতিক সময়ে তাঁর সুরে এক অদ্ভুত বদল লক্ষ্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শমীক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকেই দলের ‘সংখ্যালঘু দৃষ্টিভঙ্গি’ নিয়ে নতুন বার্তা দেওয়া শুরু হয়েছে, যা শুভেন্দুর কথাতেও প্রতিফলিত।

তবে শুভেন্দুর এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ পাল্টা তোপ দেগে বলেন, “ওদের মুখে সংখ্যালঘুদের কথা মানায় না। কয়েকদিন আগেই তো কোটি কোটি রোহিঙ্গার গল্প শুনিয়েছিলেন, এখন হঠাৎ দরদ উথলে উঠল কেন?” শুভেন্দু অবশ্য স্পষ্ট করেছেন, তিনি কখনই বলেননি যে তিনি মুসলিম ভোট চান না, বরং অতীতে কেন ভোট পাননি সেই ব্যাখ্যাই দিয়েছেন। সব মিলিয়ে, আগামী নির্বাচনে সংখ্যালঘু ভোট কার ঝুলিতে যাবে, তা নিয়ে এখন থেকেই চড়ছে পারদ।