তারেক রহমানের মেগা চমক! ইতিহাসে প্রথমবার কোনো ব্যবসায়ী হলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর!

বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পরই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এবার সবথেকে বড় চমক দেখা গেল দেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ ‘বাংলাদেশ ব্যাংক’-এর শীর্ষ পদে। বুধবার আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নর হিসেবে নিয়োগ করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমানকে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের গুরুদায়িত্ব দেওয়া হলো, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।
পেশায় পোশাক ও রিয়েল এস্টেট ব্যবসায়ী মোস্তাকুর রহমান বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ বাংলাদেশ ব্যাংকে পৌঁছে নিজের দায়িত্ব বুঝে নেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, “এসেছি, কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।” জানা গিয়েছে, মোস্তাকুর রহমান কস্ট ম্যানেজমেন্টে এফসিএমএ ডিগ্রিধারী। আগামী চার বছরের জন্য তিনি এই পদে আসীন থাকবেন এবং নিয়ম অনুযায়ী এই সময়ে তিনি নিজের অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সরাসরি দায়িত্বে থাকতে পারবেন না।
একজন ব্যবসায়ীকে কি এই পদে বসানো আইনত বৈধ? বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ অনুযায়ী, সরকার চার বছরের জন্য গভর্নর নিয়োগ করার পূর্ণ ক্ষমতা রাখে এবং সেখানে কোনো ব্যবসায়ীকে নিয়োগ করার ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। এর আগে ২০২৪ সালে আহসান এইচ মনসুরের সময় গভর্নরের সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর তুলে দেওয়া হয়েছিল, যা নতুন গভর্নরের ক্ষেত্রেও কার্যকর থাকছে। তবে একজন সক্রিয় ব্যবসায়ী কীভাবে দেশের মুদ্রানীতি এবং ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণ করবেন, তা নিয়ে অর্থনীতিবিদদের একাংশের মধ্যে কৌতূহল ও জল্পনা তৈরি হয়েছে।