চাকদহে ভোরে তুলকালাম! ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে আইটি হানা, ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী!

বৃহস্পতিবার সাতসকালে নদিয়ার চাকদহে আয়কর দফতরের ম্যারাথন অভিযানে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চাকদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকার প্রভাবশালী ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দিয়েছেন আয়কর আধিকারিকরা। কাকভোরে যখন শহরবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে এলাকায় প্রবেশ করেন তদন্তকারীরা।
সূত্রের খবর, বৃহস্পতিবার ভোরে চারটি গাড়িতে করে চারজন আয়কর আধিকারিক এবং একদল কেন্দ্রীয় বাহিনীর জওয়ান টোটন দত্তের বাড়ির সামনে এসে দাঁড়ান। হঠাৎ এলাকায় ভারী বুটের শব্দ এবং বন্দুকধারী জওয়ানদের উপস্থিতি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও কৌতূহল সৃষ্টি হয়। নিমেষের মধ্যে ঘিরে ফেলা হয় গোটা এলাকা।
তদন্তকারী দল বাড়িতে ঢুকেই তল্লাশি শুরু করে। টোটন দত্ত মূলত প্লাইউড ব্যবসার সঙ্গে যুক্ত। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্লাইউড কারখানা ছাড়াও তাঁর একাধিক বড় মাপের ব্যবসা ও বিনিয়োগ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তদন্তের পরিধি আরও বাড়ানো হয়। আয়কর কর্তারা টোটন দত্তকে সঙ্গে নিয়েই তাঁর বিভিন্ন গুদাম ও কারখানায় তল্লাশি চালাতে বের হন।
কেন এই অভিযান? আয়কর দফতর বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে প্রাথমিক অনুমান, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি বা আয়কর ফাঁকি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে চলা এই তল্লাশিতে কোনো নথিপত্র বা নগদ উদ্ধার হয়েছে কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে। ঘটনার জেরে গোটা চাকদহ জুড়ে এখন একটাই চর্চা—টোটন দত্তের ব্যবসায়িক সাম্রাজ্যের আড়ালে কি কোনো বড়সড় আর্থিক অনিয়ম রয়েছে? তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ধোঁয়াশা কাটছে না।