বোর্ড পরীক্ষা চলাকালীন প্রসব বেদনা! স্কুলের শৌচালয়েই সন্তান প্রসব করল নাবালিকা পরীক্ষার্থী

মধ্যপ্রদেশের ধর জেলায় দশম শ্রেণির বোর্ড পরীক্ষা চলাকালীন এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। মঙ্গলবার গণিত পরীক্ষা চলাকালীন এক নাবালিকা পরীক্ষার্থী তীব্র পেটের যন্ত্রণায় চিৎকার করে ওঠে। এরপর স্কুলের শৌচালয়ে যেতেই এক সুস্থ সন্তানের জন্ম দেয় সে। এই ঘটনা জানাজানি হতেই স্কুলের শিক্ষক ও অন্য পরীক্ষার্থীদের মধ্যে হুলস্থুল পড়ে যায়। স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে খবর দেওয়া হয়।
বর্তমানে মা ও নবজাতক দুজনেই পিথমপুরের কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন এবং সুস্থ রয়েছে। পিথমপুরের স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রশান্ত কাজভে জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ তাদের হাসপাতালে আনা হয়। স্কুলের তরফে জানানো হয়েছে, গত ২৪ তারিখও ওই ছাত্রী স্বাভাবিকভাবেই পরীক্ষা দিতে এসেছিল, তখন তার মধ্যে কোনো অস্বস্তি লক্ষ্য করা যায়নি। কিন্তু মঙ্গলবার পরীক্ষার হলের মধ্যেই তার প্রসব বেদনা শুরু হয়।
এই ঘটনায় পুলিশ একটি ‘জিরো এফআইআর’ (Zero FIR) দায়ের করেছে। তদন্তে জানা গিয়েছে, নাবালিকাটি গত দু’বছর ধরে এক যুবকের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল এবং তার ফলেই সে গর্ভবতী হয়ে পড়ে। ভয় ও লোকলজ্জার কারণে সে প্রথমদিকে পরিবারকে কিছু জানায়নি। পরে শারীরিক পরিবর্তন দেখে বাবা-মায়ের সন্দেহ হলে সে সবটা খুলে বলে। কিন্তু গর্ভাবস্থা অনেকটা এগিয়ে যাওয়ায় চিকিৎসকরা গর্ভপাত না করানোর পরামর্শ দেন। পুলিশ ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং মামলাটি সংশ্লিষ্ট থানায় স্থানান্তরিত করা হয়েছে।