আগামিকাল মুক্তি পাচ্ছে না ‘দ্য কেরালা স্টোরি ২’! আদালতের কোপে সেন্সর বোর্ডের শংসাপত্রও?

টিজার মুক্তির পর থেকেই যে বিতর্কের আগুন জ্বলছিল, তা এবার পৌঁছে গেল আদালতের দোরগোড়ায়। আগামিকাল, ২৭শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল বহুল চর্চিত ছবি ‘দ্য কেরালা স্টোরি ২: গোজ বিয়ন্ড’-এর। কিন্তু কেরল হাইকোর্টের এক অন্তর্বর্তীকালীন নির্দেশে ছবিটির মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে আপাতত থিয়েটারে এই ছবি দেখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হল।
২০২৩ সালের সুপারহিট ও বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র এই সিক্যুয়েলেও জোরপূর্বক ধর্মান্তর এবং হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলার মতো সংবেদনশীল বিষয়গুলি তুলে ধরা হয়েছে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছবিটিকে ‘মিথ্যা প্রচার’ এবং ‘বিষাক্ত’ বলে সরাসরি আক্রমণ শানিয়েছেন। একটি পিটিশনের প্রেক্ষিতে বুধবার হাইকোর্টে দীর্ঘ শুনানি হয়। আবেদনকারীর দাবি ছিল, এই ছবি কেরল রাজ্যকে অত্যন্ত নেতিবাচকভাবে বিশ্বের দরবারে চিত্রিত করছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে।
শুনানি চলাকালীন আদালত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। ছবিটিকে কেন ‘এ’ সার্টিফিকেট দেওয়া হয়নি, তা নিয়ে বিস্ময় প্রকাশ করে বিচারপতিদের বেঞ্চ। নির্মাতারা ছবির বিশ্বব্যাপী মুক্তির কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে রায়ের আবেদন করলেও আদালত সাফ জানিয়ে দেয়, ‘জনসাধারণের অনুভূতি উপেক্ষা করা যাবে না’। সমস্ত যুক্তি শোনার পর প্রয়োজনীয় সময় নিয়েই আদালত চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আপাতত আগামী ১৫ দিন প্রেক্ষাগৃহে ‘দ্য কেরালা স্টোরি ২’-র প্রবেশ নিষেধ।