উত্তরপাড়ায় কি ব্রাত্য কাঞ্চন? টিকিট না পাওয়ার গুঞ্জনের মাঝেই ‘রিপোর্ট কার্ড’ নিয়ে বিস্ফোরক অভিনেতা!

আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থীদের ভাগ্য নিয়ে যখন টলিপাড়া থেকে নবান্ন— সর্বত্র জল্পনা তুঙ্গে, ঠিক তখনই কেন্দ্রবিন্দুতে উঠে এলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে, বিধায়ক হিসেবে কাঞ্চনের পারফরম্যান্সে নাকি খুশি নয় দলের শীর্ষ নেতৃত্ব। ফলস্বরূপ, এবার উত্তরপাড়ায় ঘাসফুল শিবিরের টিকিটে নতুন মুখ দেখা যেতে পারে। এই গুঞ্জন নিয়ে এবার সোজাসাপ্টা প্রতিক্রিয়া দিলেন অভিনেতা-বিধায়ক নিজেই।
TV9 বাংলার এক প্রশ্নের উত্তরে কাঞ্চন মল্লিক সাফ জানান, তিনি টিকিট পাওয়ার জন্য কোনোদিনই ‘তদবির’ বা আবেদন করেননি। তাঁর কথায়, “আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চিরকৃতজ্ঞ। আমাকে একজন শিল্পীর সম্মান দিয়ে জনসেবার যে সুযোগ তাঁরা দিয়েছেন, তা ভোলার নয়। তবে তৃণমূল কংগ্রেস কারো একার সম্পত্তি নয়, এটি একটি সুশৃঙ্খল দল। দল যা সিদ্ধান্ত নেবে, আমি মাথা পেতে নেব।” তিনি আরও স্পষ্ট করেন যে, টিকিট না পেলে তাঁর কোনো আক্ষেপ থাকবে না কারণ তিনি আগে থেকেই টিকিটের জন্য লালায়িত ছিলেন না।
তবে নিজের কাজের খতিয়ান নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী অভিনেতা। তিনি জানান, খুব শীঘ্রই গত পাঁচ বছরের কাজের একটি পূর্ণাঙ্গ তালিকা তিনি প্রকাশ করবেন। পুরো বিধানসভা জুড়ে তিনি কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, তা সেই তালিকায় স্পষ্ট থাকবে। বর্তমানে রাজনৈতিক ব্যস্ততার মাঝেই অভিনয়ের জগতেও সক্রিয় কাঞ্চন। মার্চ মাস জুড়ে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবির শুটিংয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করবেন তিনি। এখন দেখার, ‘কাজের তালিকা’ পেশ করার পর তৃণমূল নেতৃত্ব তাঁর ওপর ফের ভরসা রাখে কি না।