টলিপাড়ায় নতুন ‘পাইলট’ যোগ! তবে কি প্রেমে পড়লেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি?

ব্যক্তিগত জীবনে বড়সড় চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন টলিউড অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি। বাবা ও মা— দু’জনকেই হারিয়ে জীবনের কঠিনতম সময়ের মুখোমুখি হয়েছেন তিনি। তবে সেই শোক কাটিয়ে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই চালাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি তাঁর জন্মদিন পালনের পর থেকেই টলিপাড়ার হাওয়ায় ভাসছে নতুন এক প্রেমের গুঞ্জন।
সম্পূর্ণার জন্মদিনের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরেই এই চর্চার সূত্রপাত। সেখানে তিনি লিখেছেন, “এই জন্মদিনটা অন্যরকম ছিল। কঠিন ছিল। বাবা-মাকে ছাড়া। কিন্তু তাঁদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমাকে এই জন্মদিনে অনেক ভালোবাসা দিলেন। এবং অনিন্দ্য তোমাকে ধন্যবাদ সব সময়ে আমার পাশে থাকার জন্য। আমাকে হাসানোর জন্য।” এই পোস্টে সম্পূর্ণা ট্যাগ করেছেন জনৈক অনিন্দ্য বিশ্বাসকে, যিনি পেশায় একজন পাইলট। আর এরপর থেকেই চর্চা শুরু হয়েছে— তবে কি আকাশে ওড়া এই পাইলটই এখন সম্পূর্ণার মনের মণিকোঠায়?
সম্পূর্ণার ঘনিষ্ঠ মহলের মতে, তাঁদের বন্ধুত্বের বয়স প্রায় এক বছরের বেশি। গত দুর্গাপুজোতেও শহরের এক নামী মণ্ডপে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। অভিনেত্রী নিজে এই বিষয়ে মুখ না খুললেও, অনেকেই মনে করছেন এই পোস্টটি আসলে সম্পর্কের পথে প্রথম পদক্ষেপ। যদিও এই গুঞ্জন নিয়ে সম্পূর্ণার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনও উত্তর দেননি। তবে কেরিয়ারের দিক থেকে তিনি যে ফের পূর্ণ উদ্যমে অভিনয় জগতে ফিরতে চান, তা স্পষ্ট করে দিয়েছেন তাঁর ঘনিষ্ঠরা।