১ নম্বর ব্যাটার থেকে ৪ ম্যাচে ৪টি শূন্য! অভিষেকের ব্যর্থতায় এবার চরম দাওয়াই দিলেন বীরু।

টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্ন নিয়ে এসেছিলেন, কিন্তু বর্তমানে বাস্তবটা অভিষেক শর্মার জন্য বড়ই কঠিন। আইসিসি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হিসেবে টুর্নামেন্টে পা রাখলেও, গ্রুপ পর্বে তাঁর পারফরম্যান্স চরম হতাশাজনক। চার ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৫ রান, যার মধ্যে তিনটিতেই ফিরেছেন শূন্য হাতে। এই পরিস্থিতিতে ভারতের এই হার্ডহিটার ওপেনারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন তারকা বীরেন্দ্র শেওয়াগ।

ঠিক এক মাস আগে ২৫ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ বলে অপরাজিত ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন অভিষেক। কিন্তু তারপর থেকেই যেন ব্যাটে শনি দশা! শেষ ৬টি ইনিংসের ৪টিতেই খাতা খুলতে পারেননি তিনি। সেমিফাইনালের সমীকরণ যখন ক্রমশ জটিল হচ্ছে, তখন জিম্বাবোয়ে ম্যাচে কি ফের অভিষেককে খেলিয়ে ঝুঁকি নেওয়া উচিত? শেওয়াগ মনে করেন, দলের স্বার্থেই এবার অভিষেককে বিশ্রাম দেওয়া দরকার।

এক সাক্ষাৎকারে বীরু সাফ জানিয়েছেন, “আমি যদি ম্যানেজমেন্টে থাকতাম, তবে অভিষেককে বিরতি দিয়ে সঞ্জু স্যামসনকে সুযোগ দিতাম। জিম্বাবোয়ে ম্যাচই পরীক্ষা করার শেষ সুযোগ। এই ম্যাচ হারলে ভারতের বিদায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে ফর্মে থাকা সেরা একাদশ নিয়েই মাঠে নামা উচিত।” নামিবিয়ার বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলা সঞ্জু স্যামসনকে অভিষেকের জায়গায় ওপেনিংয়ে দেখতে চান শেওয়াগ।

শেওয়াগের মতে, সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরের দল নির্বাচন বা কৌশল ভুল ছিল না, সমস্যা হচ্ছে পরিকল্পনার বাস্তবায়নে। অভিষেকের পাশাপাশি তিলক ভার্মার অফ-ফর্মও ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারকে নড়বড়ে করে দিয়েছে। এখন দেখার, হাইভোল্টেজ জিম্বাবোয়ে ম্যাচে শেওয়াগের পরামর্শ মেনে বড় কোনো বদল আনে কি না টিম ইন্ডিয়া।