কাছাকাছি Authorised Aadhaar Centres কোথায় রয়েছে ? জানা যাবে Google Maps – এ

আধার কার্ডের তথ্য আপডেট বা নতুন কার্ডের জন্য এখন আর হন্যে হয়ে আধার সেন্টার খুঁজতে হবে না। সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা মেটাতে বিশ্বখ্যাত টেক জায়ান্ট গুগলের (Google) সঙ্গে এক ঐতিহাসিক চুক্তিতে আবদ্ধ হল আধার নিয়ামক সংস্থা ইউআইডিএআই (UIDAI)। এবার থেকে আপনার স্মার্টফোনের গুগল ম্যাপস (Google Maps) ব্যবহার করেই অনায়াসে খুঁজে পাওয়া যাবে নিকটবর্তী অনুমোদিত আধার সেবা কেন্দ্র।

কেন্দ্রীয় সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরোর (PIB) প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে এই বিশেষ পরিষেবাটি সারা ভারত জুড়ে চালু করা হয়েছে। বর্তমানে দেশে প্রায় ৬০ হাজার অনুমোদিত আধার সেন্টার এবং আধুনিক প্রযুক্তিসম্পন্ন আধার সেবা কেন্দ্র রয়েছে। গুগল ম্যাপসের মাধ্যমে এখন থেকে সেই সব সেন্টারের সঠিক অবস্থান এবং সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ রাস্তাটি ব্যবহারকারীরা দেখতে পাবেন।

গুগল ম্যাপস অ্যাপটি খুলে শুধু সার্চ বারে গিয়ে লিখতে হবে ‘Aadhaar Center near me’। স্মার্টফোনের লোকেশন অন রাখা থাকলে অ্যাপটি নিজে থেকেই ব্যবহারকারীর সবচেয়ে কাছে থাকা সেন্টারগুলোর তালিকা সামনে নিয়ে আসবে। শুধু তাই নয়, সেখানে যেতে কত সময় লাগবে এবং বর্তমান ট্রাফিক পরিস্থিতি কেমন, তাও জানিয়ে দেবে গুগল ম্যাপস।

এই প্রসঙ্গে ইউআইডিএআই-এর চিফ এগজিকিউটিভ অফিসার ভূবনেশ কুমার জানান, “দেশের কোটি কোটি আধার গ্রাহকদের আরও স্বচ্ছ ও দ্রুত পরিষেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। গুগলের সঙ্গে এই সহযোগিতার ফলে আধার সংক্রান্ত তথ্য পাওয়া এখন আরও সহজ হবে।”