ভোটার তালিকায় বড়সড় কারচুপি? ৫৮ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কায় নড়চড়ে বসল কমিশন!

আগামী ২৮ শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা (SIR) প্রকাশের কথা থাকলেও, তার আগে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া তালিকা থেকে প্রায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে চরম সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তালিকায় কোনো বড়সড় ভুল আছে কি না, বা মৃত ভোটারদের নাম থেকে গিয়েছে কি না, তা যাচাই করতে জেলাশাসকদের ‘গ্রিন সিগন্যাল’-এর অপেক্ষায় রয়েছে কমিশন।
বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকেই জেলাশাসকদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে বুথ ভিত্তিক তালিকা ডাউনলোড করে নমুনা যাচাই বা ‘স্যাম্পল ভেরিফিকেশন’ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকরা সবুজ সংকেত দিলেই চূড়ান্ত তালিকা ছাপানোর কাজ শুরু হবে। ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনের (SIR) জটিলতা কাটাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এদিন এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশে এই তালিকার তথ্যগত অসঙ্গতি মেটানোর দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্ট নিযুক্ত আধিকারিকদের ওপর। যদিও ২৮ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশের কথা, তবে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে পরবর্তী সময়েও তালিকা প্রকাশ করা যাবে। এই প্রক্রিয়ার শেষে মোট কত নাম বাদ গেল, তার প্রকৃত হিসেব পাওয়া যাবে। আপাতত শনিবারের চূড়ান্ত তালিকার দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ।