হ্যাকারদের কবলে মমতার জনসংযোগ মাধ্যম; সরকারি পেজগুলোতে পাঠানো হল ৪৭টি রহস্যময় মেসেজ

সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে দু’দফায় এই অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করে মোট ৪৭টি মেসেজ পাঠানো হয়েছে। এমনকি হ্যাকাররা দু’টি স্টোরিও আপলোড করেছে।

তদন্তে জানা গেছে, রাত ২টো ৬ মিনিট থেকে ২টো ১৯ মিনিটের মধ্যে প্রথম দফায় এবং সকাল ৯টা ১১ থেকে ৯টা ২২ মিনিটের মধ্যে দ্বিতীয় দফায় মেসেজগুলি পাঠানো হয়। হ্যাকাররা ‘এগিয়ে বাংলা’, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অফিশিয়াল পেজেও বার্তা পাঠিয়েছে। অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংস্থা জানিয়েছে, মাত্র তিনটি অনুমোদিত ডিভাইস (মোবাইল, ল্যাপটপ ও ডেস্কটপ) থেকে এটি চালানো হতো। তা সত্ত্বেও কীভাবে এই হ্যাকিং সম্ভব হলো, তা খতিয়ে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বর্তমানে পাসওয়ার্ড পরিবর্তন করে ডিজিটাল প্রমাণ ও স্ক্রিনশট পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।