এসআইআর জট কাটাতে নজিরবিহীন পদক্ষেপ! ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ২০০ জন বিচারক চাইল হাইকোর্ট

পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিবেশী দুই রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে ১০০ জন করে মোট ২০০ জন বিচারক চেয়ে পাঠাল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের পরিপেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল। বৃহস্পতিবার রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গে ৫৩২ জন বিচারককে এই কাজে নিয়োগ করা হলেও, কাজের ব্যাপকতা অনুয়ায়ী তা যথেষ্ট নয় বলে মনে করছে আদালত। ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচারকদের আনা হলে তাঁদের থাকা-খাওয়া ও যাতায়াতের যাবতীয় দায়িত্ব নেবে রাজ্য সরকার। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই বাকি জুডিশিয়াল অফিসারদের লগ-ইন আইডি তৈরি করে দেওয়া হবে এবং ১৪ ফেব্রুয়ারির আগে জমা পড়া সমস্ত নথি যাচাইয়ের জন্য অফিসারদের হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ৯ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত বিচারকের ছুটি ইতিমধ্যেই বাতিল করেছে হাইকোর্ট। ২৮ ফেব্রুয়ারির মধ্যে যতটা সম্ভব নির্ভুল তালিকা প্রকাশের লক্ষ্য নিয়ে এগোচ্ছে কমিশন।