ইউটিউবার কোমালির রহস্যমৃত্যু! মাকে পাঠানো শেষ মেসেজ— ‘তোমায় খুব ভালোবাসি’, ডায়েরিতে ব্যর্থ প্রেমের আর্তি

হায়দরাবাদের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো ২১ বছর বয়সী ইউটিউবার বোনু কোমালির ঝুলন্ত দেহ। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা কোমালি গত ১১ মাস ধরে হায়দরাবাদে একা থেকে বিএসসি পড়ছিলেন। সোমবার তাঁর নিথর দেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘ তিন বছরের সম্পর্কের টানাপড়েন এবং বিচ্ছেদের মানসিক চাপ সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

মৃত্যুর ঠিক আগে কুয়েতে কর্মরত মা-কে শেষ মেসেজ পাঠিয়েছিলেন কোমালি। লিখেছিলেন, “তোমায় খুব ভালোবাসি মা, ছোট ভাইয়ের খেয়াল রেখো।” এরপরই ফোন বন্ধ করে দেন তিনি। দুশ্চিন্তায় মা তাঁর এক বান্ধবীকে খবর দিলে, সেই বান্ধবী ফ্ল্যাটের দরজা ভেঙে কোমালির দেহ উদ্ধার করেন। পুলিশ কোমালির ডায়েরি থেকে এক মরমী চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল তাঁর প্রেমিকের জন্য অন্তহীন অপেক্ষা আর বিচ্ছেদের যন্ত্রণা। ২৭ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তথা ইউটিউবারের সঙ্গে কোমালির সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। পুলিশ একটি সন্দেহজনক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।