হ্যাক হল ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম! রাতভর চলল হ্যাকারদের দাপট, তদন্তে পুলিশ

রাজ্যের অত্যন্ত জনপ্রিয় জনঅভিযোগ পরিষেবা ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগ উঠল। হ্যাকাররা গত গভীর রাত থেকে আজ সকালের মধ্যে দু’দফায় এই অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ করে মোট ৪৭টি মেসেজ পাঠিয়েছে। এমনকি, ‘এগিয়ে বাংলা’ এবং কলকাতা পুলিশের মতো সরকারি পেজগুলিকেও লক্ষ্য করে বার্তা পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রাত ২টো নাগাদ প্রথম হানা দেয় হ্যাকাররা। এরপর সকাল ৯টা নাগাদ ফের মেসেজ পাঠানো হয় এবং দুটি স্টোরিও আপলোড করা হয়। সংস্থার দাবি, মাত্র তিনটি অনুমোদিত ডিভাইস (মোবাইল, ল্যাপটপ ও ডেস্কটপ) থেকে এই অ্যাকাউন্ট চালানো হতো। তা সত্ত্বেও কীভাবে এই নিরাপত্তা বলয় ভাঙল, তা নিয়ে উঠছে প্রশ্ন। হ্যাকিং টের পাওয়ার পরেই পাসওয়ার্ড বদলে ফেলা হয়েছে এবং যাবতীয় তথ্য বিধাননগর সাইবার ক্রাইম পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।