মানবিক মেয়র! রাস্তায় ছিটকে পড়া জখম দম্পতিকে উদ্ধার করে নিজের গাড়িতে হাসপাতালে পাঠালেন ফিরহাদ

রাজনীতিকের ঊর্ধ্বে উঠে ফের এক মানবিক রূপ দেখা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। বৃহস্পতিবার খিদিরপুর থেকে গার্ডেনরিচের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন এক দম্পতি। রাস্তার বাম্পারে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তাঁরা। সেই সময় ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন স্থানীয় বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম।

দুর্ঘটনা নজরে আসতেই দেরি না করে নিজের গাড়ি থামিয়ে নেমে পড়েন মেয়র। নিরাপত্তারক্ষীদের সাহায্যে জখম ওই দম্পতিকে রাস্তা থেকে উদ্ধার করেন তিনি। আহত গৃহবধূর শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে এবং তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলায় মেয়র বিন্দুমাত্র দেরি না করে নিজের গাড়িতে করেই তাঁদের দ্রুত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনার পর মেয়র বিনম্রভাবে বলেন, “এর মধ্যে বড় কিছু নেই, যেকোনো সাধারণ মানুষই জখম কাউকে দেখলে সাহায্য করতেন। আমার চোখের সামনে ঘটেছে, তাই আমি উদ্ধার করে নিজের গাড়িতে পাঠালাম।” মেয়রের এই তৎপরতা ও সংবেদনশীলতা পথচলতি মানুষের প্রশংসা কুড়িয়েছে।