যীশু-সৌরভের নয়া ইনিংস! স্টুডিওপাড়ায় তারকাহাট, ইন্দ্রদীপের পরিচালনায় আসছে ‘অভিমান’

অভিনেতা হিসেবে তাঁরা দুজনেই সফল, এবার পর্দার পেছনের কারিগর হিসেবে আত্মপ্রকাশ করলেন যীশু সেনগুপ্ত এবং সৌরভ দাস। তাঁদের প্রযোজনা সংস্থা ‘হোয়াই সো সিরিয়াস ফিল্মস’-এর প্রথম ছবি ‘অভিমান’-এর শুভ মহরৎ অনুষ্ঠিত হলো এনটি ওয়ান স্টুডিওতে। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের হাত ধরে শুরু হওয়া এই ছবির মহরতে এদিন বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক সহ টলিউডের একঝাঁক তারকা।
ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। মূলত একটি ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে তৈরি হতে চলা এই ছবিতে প্রধান চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ, যীশু এবং শুভশ্রীকে। মহরতের অনুষ্ঠানে পুরনো দিনের স্মৃতিতে ভাসেন প্রসেনজিৎ ও শুভশ্রী। সৌরভ দাস আবেগপ্রবণ হয়ে জানান, একসময় এই স্টুডিওতেই তাঁর ছবি ছিঁড়ে ফেলা হয়েছিল, আর আজ তিনি সেখানেই প্রযোজক হিসেবে দাঁড়িয়ে। যীশু সেনগুপ্তের মতে, এখন টলিউডের সমস্ত অভিমান দূরে সরিয়ে একজোট হয়ে কাজ করার সময় এসেছে। আগামী ৫ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং।