পিলখানা প্রোমোটার খুন: কাবুলের কুখ্যাত অপরাধীই কি ঘাতক? পুলিশের জালে ৩, অধরা মূল পাণ্ডা

হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় প্রোমোটার সৌফিক খান হত্যাকাণ্ডে ২৪ ঘণ্টা পার হলেও মূল দুই অভিযুক্ত রোহিত হোসেন ও হারুন খান এখনও পুলিশের নাগালের বাইরে। তবে এই ঘটনায় ধৃত মহম্মদ বিলাল, মহম্মদ ওয়াকিল এবং দিলদার হোসেনকে কলকাতা থেকে গ্রেফতারের পর লাগাতার জেরা করছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, মোটা অঙ্কের তোলা না দেওয়ায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সৌফিককে গুলি করা হয়।

তদন্তে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। অভিযুক্ত হারুন খান আদতে আফগানিস্তানের কাবুলের বাসিন্দা ছিল, যে বছর সাতেক আগে হাওড়ায় এসে আস্তানা গেড়েছিল। এলাকায় সে দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত। বর্তমানে পিলখানা থার্ড লেনের তার ফ্ল্যাটটি তালাবন্ধ এবং পরিবারটিও পলাতক। বুধবার ঘটনার পর উত্তেজিত জনতা হারুনের যাতায়াত থাকা স্থানীয় একটি ক্লাবে আগুন ধরিয়ে দেয়। হাওড়া সিটি পুলিশের কমিশনার আকাশ মাঘারিয়া জানিয়েছেন, তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং মূল অভিযুক্তদের ধরতে তল্লাশি জারি রয়েছে।