আইফোন ইউজারদের জন্য সুখবর! এবার ভারতেই মিলবে অ্যাপল পেমেন্ট পরিষেবা, শুরু দিনক্ষণ নিয়ে বড় আপডেট

ভারতের ডিজিটাল পেমেন্ট বাজারে এবার প্রবেশ করতে চলেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি সংস্থা অ্যাপল (Apple)। বিশ্বস্ত সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই ভারতে তাদের নিজস্ব পেমেন্ট সার্ভিস ‘Apple Pay’ চালু হতে পারে। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে ব্লুমবার্গের (Bloomberg) একটি রিপোর্ট অনুযায়ী, ভারতের একাধিক শীর্ষস্থানীয় ব্যাঙ্ক এবং গ্লোবাল কার্ড নেটওয়ার্কের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা সেরেছে টিম কুকের সংস্থা।

রিপোর্টে জানানো হয়েছে, ভারতে অনলাইন পেমেন্ট পরিষেবা শুরু করার লক্ষ্যে ICICI ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং Axis Bank-এর মতো হেভিওয়েট সংস্থাগুলোর সঙ্গে কথা বলছে অ্যাপল। এছাড়াও কার্ড পরিষেবার জন্য Mastercard Inc এবং Visa Inc-এর সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে, তবে ২০২৬ সালের মাঝামাঝি সময়েই ভারতে অ্যাপল ইউজাররা এই পরিষেবা পেতে শুরু করবেন। তবে আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করে এই সময়সীমা সামান্য পরিবর্তন হতে পারে।

কেন ভারতের বাজারে নজর অ্যাপলের? ভারতে বর্তমানে ১৪০ কোটির বেশি জনসংখ্যা এবং মধ্যবিত্ত শ্রেণির মধ্যে আইফোন (iPhone) ব্যবহারের প্রবণতা আকাশছোঁয়া। আগে আইফোন শুধুমাত্র উচ্চবিত্তদের বিলাসিতা মনে করা হলেও, বর্তমানে ইএমআই (EMI) সুবিধার কারণে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তরাও অ্যাপল পণ্যের দিকে ঝুঁকছেন। এই বিশাল ইউজার বেসকে কাজে লাগিয়েই পেমেন্ট সার্ভিসে আধিপত্য বিস্তার করতে চাইছে সংস্থাটি। মনে করা হচ্ছে, ভারতে অ্যাপল পেমেন্ট মূলত UPI (Unified Payments Interface) প্রযুক্তির ওপর ভিত্তি করেই কাজ করবে। বর্তমানে Google Pay, PhonePe, এবং WhatsApp Pay-এর মতো প্ল্যাটফর্মগুলি বাজারে রাজত্ব করলেও, Apple Pay-এর প্রবেশ প্রতিযোগিতাকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।