শনিবার কি প্রকাশিত হবে ভোটার তালিকা? বিচারকদের কাজে গতি আনতে বড় সিদ্ধান্ত নিলেন সুজয় পাল

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ‘ভুয়ো’ নাম বাদ দিতে এবং তথ্যগত অসঙ্গতি (Logical Discrepancy) দূর করতে এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচারকদের নিয়ে আসার তোড়জোড় শুরু হলো। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল রাজ্য প্রশাসন ও নির্বাচন কমিশনের শীর্ষ কর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক করেন। বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, ভিন রাজ্য থেকে আসা জুডিশিয়াল অফিসারদের থাকা-খাওয়া থেকে শুরু করে সমস্ত রকম নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা দেবে রাজ্য সরকার ও কমিশন।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা ‘এসআইআর’ (SIR)-এর কাজ চলছে। হাতে সময় অত্যন্ত কম, অথচ কয়েক লক্ষ নথি যাচাই করা বাকি। এই পাহাড়প্রমাণ কাজ দ্রুত শেষ করতেই ভিন রাজ্যের অভিজ্ঞ বিচারকদের সাহায্য নেওয়ার কথা ভাবা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে এবং কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।

বৈঠকের প্রধান সিদ্ধান্তসমূহ:

  • ঝাড়খণ্ড ও ওড়িশার বিচারকরা এলে তাঁদের আবাসন ও প্রশাসনিক সহযোগিতার পূর্ণ দায়িত্ব নেবে রাজ্য।

  • বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি জুডিশিয়াল অফিসারদের কাজের জন্য ডিজিটাল আইডি তৈরি করে দেওয়া হবে।

  • ১৪ ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া সমস্ত নথি শুক্রবারের মধ্যে আপলোড শেষ করতে হবে কমিশনকে।

  • প্রতিদিন প্রতিটি বিধানসভা ভিত্তিক কাজের রিপোর্ট সরাসরি কলকাতা হাইকোর্টকে জমা দেবে নির্বাচন কমিশন।

আগামী শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও, কাজের যা গতি তাতে ওইদিন সম্পূর্ণ তালিকা প্রকাশ করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে। তবে প্রধান বিচারপতি সুজয় পাল নিজে এই গোটা প্রক্রিয়ার তদারকি করছেন যাতে কোনোভাবেই নিরপেক্ষতা ক্ষুণ্ণ না হয়। এখন দেখার, ভিন রাজ্যের বিচারকরা ময়দানে নামার পর কত দ্রুত মেটে ভোটার তালিকার জট এবং কবে বেজে ওঠে বিধানসভা নির্বাচনের রণভেরি।